কেবি কনভেনশন হল মাঠে বিএনপির সমাবেশ আজ

0
কেবি কনভেনশন  হল মাঠে বিএনপির  সমাবেশ আজ

নিজস্ব প্রতিবেদক

বিএনপির বিভাগীয় সমাবেশ বাকলিয়ার কালামিয়া বাজারস্থ কে বি কনভেনশন হল সংলগ্ন মাঠে আজ দুপুর ২ টায় অনুষ্ঠিত হবে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেয়ার দাবিতে এ সমাবেশ করছে দলটি।
কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সমাবেশের জন্য জেলা পরিষদ সংলগ্ন মাঠের অনুমতি চাওয়া হয়। প্রশাসনের পক্ষ থেকে অনুমতি না মেলায় সিআরবির শিরীষতলায় সমাবেশের দাবি করে বিএনপি। অবশেষে কেবি কনভেনশন হল মাঠে সমাবেশের জন্য অনুমতি পায় দলটি।
চট্টগ্রাম মহানগর বিএনপির আহব্বায়ক ডা. শাহাদাত হোসেন বলেন, বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার (আজ) বিএনপি চট্টগ্রাম বিভাগীয় কর্মসূচি ঘোষণা করেছে। সেই প্রেক্ষিতে আমরা পুলিশ কমিশনারের সাথে সাক্ষাৎ করেছি। আমরা শান্তিপূর্ণভাবে বিভাগীয় সমাবেশ সফল করতে চাই।
তিনি বলেন, বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন আছেন। সরকার দেশকে একটি একদলীয় রাষ্ট্রে পরিণত করেছে। দেশের মানুষের বাক স্বাধীনতা নেই, গণতন্ত্র নেই, মানবিকতা নেই। এই সরকার মানুষের সকল গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়েছে।
সদস্য সচিব আবুল হাশেম বক্কর বলেন, নগর বিএনপির আহব্বায়ক ডা. শাহাদাত হোসেনের সভাপতিত্বে বিভাগীয় সমাবেশে প্রধান অতিথি থাকবেন সংগঠনের জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ড খন্দকার মোশাররফ হোসেন। অন্যদের মধ্যে বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন সহ বিভাগীয় ও মহানগর উত্তর-দক্ষিণ জেলার নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। সমাবেশে চট্টগ্রাম মহানগরীর ৪১ ওয়ার্ড, উত্তর-দক্ষিণ জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী ছাড়াও আশে পাশের জেলাসমূহ থেকে নেতাকর্মীরা যোগ দিবেন বলে আবুল হাশেম বক্কর জানান। তিনি শান্তিপূর্ণভাবে সমাবেশ সফল করতে সকলের সহযোগিতা কামনা করেন।
নগর বিএনপির সাবেক সহদপ্তর সম্পাদক ইদ্রিস আলী বলেন, পুলিশ প্রশাসন থেকে জেলা পরিষদের মাঠের জন্য আবেদন করি। অনুমতি না দেয়ায় পরবর্তীতে সিআরবি শিরীষতলার জন্য আবেদন করা হয়। সর্বশেষ কেবি কনভেনশন হল মাঠে সমাবেশ করার অনুমতি দিয়েছে। সে অনুযায়ী সকল ব্যবস্থা নেয়া হচ্ছে।