ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের প্রথম সেমি-ফাইনালে টাইব্রেকারে ৪-২ গোলে জিতেছে ইতালি। লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে মঙ্গলবার রাতে ফেদেরিকো চিয়েসার গোলে তারা এগিয়ে যাওয়ার পর সমতা টানেন মোরাতা। অতিরিক্ত সময়ও শেষ হয় ১-১ স্কোরলাইনে। টাইব্রেকারে মানুয়েল লোকাতেল্লির নেওয়া ইতালির প্রথম শট ঠেকিয়ে দেন উনাই সিমোন। কিন্তু নিজেদের প্রথম শট উড়িয়ে মেরে সুযোগটা নষ্ট করেন দানি ওলমো।
এরপর ইতালির আর কেউ ব্যর্থ হয়নি। স্পেনের দুই ও তিন নম্বরে সফল শট নেন জেরার্দ মোরেনো ও থিয়াগো আলকান্তারা। কিন্তু তাদের চতুর্থ জন মোরাতার শট ঠেকিয়ে দেন জানলুইজি দোন্নারুমা। এরপর জর্জিনিয়ো ঠান্ডা মাথায় ঠিকানা খুঁজে নিলে শুরু হয় ইতালির উদযাপন। ৯ বছর আগের ফাইনালে এই স্পেনের বিপক্ষেই ভরাডুবি হয়েছিল ইতালির। এবার তারা সেই স্পেনকে হারিয়েই উঠল ফাইনালে। টানা ৩৩ ম্যাচ অপরাজিত ছুটে চলা দলটি পারবে কি দ্বিতীয়বারের মতো ইউরোপ সেরা হতে? জবাব মিলবে আগামী রাববার এই মাঠেই; প্রতিপক্ষ ইংল্যান্ড কিংবা ডেনমার্ক।



