সিন্ডিকেটের কবলে সরকার হাটের ইজারা

0
সিন্ডিকেটের কবলে সরকার হাটের ইজারা

আনোয়ারা প্রতিনিধি

দক্ষিণ চট্টগ্রামের সর্ববৃহৎ গরু-মহিষের বাজার আনোয়ারার তৈলারদ্বীপ সরকার হাট গরুর বাজার ৩ দফা সময় বাড়ানোর পরও ইজারাশূন্য রয়েছে। প্রথম দফায় ৮ জন দরপত্র সংগ্রহ করলেও কেউ দরপত্র জমা না দেওয়ায় বাজারটি ইজারা প্রদান সম্ভব হয়নি বলে জানা গেছে। তবে কী কারণে দরপত্র গ্রহীতারা ফরম জমা দেয়নি তা নিয়ে নানা রহস্যের জন্ম হয়েছে। বর্তমান ইজারার সরকারি মূল্য ছিল ৫ কোটি ৭১ লক্ষ টাকা। গত ১০ বছরেরও বেশি সময় ধরে এ হাটের ইজারা নিতে ইজারাদারদের নানান দৌড়ঝাপ ও নানা তদবির ছিল লক্ষ্যনীয়। কিন্তু এ বছর এ পশুর হাটের ইজারা নিতে ৮ ইজারাদার দরপত্র সংগ্রহ করলেও শেষ দিনে এসে রহস্যজনক কারণে তাদের কেউ ইজারা আহŸানের নির্ধারিত তারিখে দরপত্র জমা দেননি।
সরকার হাটের সদ্য সাবেক ইজারাদার জয়নাল আবেদীন হেলাল জানান, ‘করোনাকালীন সময় থেকে গত কয়েক বছরে সরকার হাট ইজারা নিয়ে সরকারি কয়েক কোটি টাকা দেনা হয়ে গেছি। যার কারণে এবার সরকার হাট ইজারার দরপত্রে অংশগ্রহণ করিনি। সরকারি দেনাগুলো ধাপে ধাপে পরিশোধ করছি।’
উপজেলা প্রশাসন সূত্র জানা যায়, আনোয়ারা উপজেলা প্রশাসন ১৪৩০ বাংলা সনের উপজেলার ২০টি হাট-বাজারের ইজারার দরপত্র আহ্বান করে। তার মধ্যে অন্যান্য হাট বাজারের পাশাপাশি সরকারহাট পশুর বাজার ইজারা নিতে ৮ ইজারাদার দরপত্র সংগ্রহ করেন। গত ১৫ মার্চ প্রথম দফায় উপজেলার হাটবাজারের উন্মুক্ত দরপত্র খোলা হলে উপজেলার সবচেয়ে আলোচিত সরকার হাট পশুর বাজারের ইজারা নিতে কোনো দরপত্র জমা না দেওয়ার কারণে সরকার হাট ছাড়া উপজেলার অন্যান্য বাজারগুলো ইজারা হয়। যার ফলে গত ২২ মার্চ দ্বিতীয় পর্যায়ে আর ২৯ মার্চ তৃতীয় দফায় ইজারার জন্য পুনঃ দরপত্র জমাদানের দিন ধার্য্য ছিল। কিন্তু তৃতীয় দফায়ও কোনো দরপত্র জমা না হলে বহুল আলোচিত এ হাটের ইজারা নিয়ে রহস্যের দানা বাঁধে।
এ ব্যাপারে জানতে চাইলে আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইশতিয়াক ইমন জানান, তৃতীয় দফায়ও সরকার হাট পশু বাজারের ইজারার দরপত্র জমা না পড়ায় এ হাটের ইজারা দেওয়া সম্ভব হয়নি। বাজার ইজারার কমিটি রয়েছে। এই কমিটি সরকার হাটের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নিবে।