মানিকছড়িতে কাঠ ব্যবসায়ীর লাশ উদ্ধার

0
মানিকছড়িতে  কাঠ ব্যবসায়ীর   লাশ উদ্ধার

মানিকছড়ি উপজেলা জিপচালক সমিতির সাবেক সভাপতি ও বিশিষ্ট কাঠ ব্যবসায়ী আবদুল ছাদেকের (৬০) লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার উপজেলাস্থ ডাইনছড়ি এলাকার তার নিজ বাড়ির পার্শ্ববর্তী একটি গাছ থেকে ঝুলন্ত অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। আবদুল ছাদেক মৃত আলী হোসেনের ছেলে।
জানা যায়, তার বাড়ি ডাইনছড়ি এলাকায় হলেও সম্প্রতি উপজেলার বাজারস্থ সাবেক খলিল সাহেবের টিলা মুসলিমপাড়ায় স্থায়ীভাবে বসবাস গড়ে তোলেন। গতকাল ভোরে তার লাশ গাছে ঝুলতে দেখে থানা পুলিশকে অবহিত করেন এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি থানায় নিয়ে আসে। এ ঘটনায় প্রাথমিকভাবে একটি ইউডি মামলা রেকর্ড করে লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
মানিকছড়ি সার্কেলের সিনিয়র পুলিশ সুপার মুহাম্মদ সাইফুল ইসলাম বলেন, কাঠ ব্যবসায়ী আবদুল ছাদেকের লাশের খবর পেয়ে দ্রুত মানিকছড়ি থানার অফিসার ইনচার্জসহ ফোর্স নিয়ে ঘটনাস্থলে যাই। লাশের ধরন দেখে আপাতত মনে হচ্ছে এটি একটি আত্মহত্যা। তবে নিহতের ব্যবসা, পারিবারিকসহ নানা বিষয় মাথায় রেখে আমরা কাজ করছি। বিষয়টি গুরুত্ব দিয়ে ক্লু উদঘাটনে পুলিশ ইতোমধ্যে কাজ শুরু করছে।