জিয়ার স্বাধীনতার ঘোষণা আন্তর্জাতিকভাবে স্বীকৃত

0
জিয়ার স্বাধীনতার ঘোষণা আন্তর্জাতিকভাবে স্বীকৃত

 

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী চট্টগ্রাম বিভাগীয় সমন্বয় কমিটির আহব্বায়ক আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘কালুরঘাট বেতারকেন্দ্র মুক্তিযুদ্ধের একটি বড় স্তম্ভ। শহীদ জিয়া এখান থেকেই স্বাধীনতার ঘোষণা করেছিলেন। জিয়ার স্বাধীনতার ঘোষণা দেশে ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত। ২৭ মার্চ কালুরঘাট বেতার কেন্দ্রে বিএনপি শ্রদ্ধা জ্ঞাপন কর্মসূচি পালন করবে।’
তিনি গতকাল বৃহস্পতিবার দুপুরে নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয় মাঠে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে বিভাগীয় সমন্বয় কমিটির উদ্যোগে প্রস্তুতিসভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।
আমির খসরু বলেন, ‘মুক্তিযুদ্ধের পূর্বাপর কথোপকথন’ এবং ‘১৯৭১ ভেতরে বাইরে’ এ দুটি বইয়ে মুক্তিযুদ্ধের উপঅধিনায়ক ও সাবেক আওয়ামী লীগ সরকারের মন্ত্রী একে খন্দকার লিখেছেন, ‘১৯৭১ সালের পহেলা মার্চ থেকে শুরু করে, ২৫ মার্চ পর্যন্ত পাকিস্তানী সেনাবাহিনীর সব প্রস্তুতি সত্বেও বিন্দু মাত্র পদক্ষেপ নিলেন না যে রাজনৈতিক নেতৃত্ব, সেই নেতৃত্ব যুদ্ধ পরিচালনা করবেন কিভাবে? আমাদের রাজনৈতিক নেতৃত্বের এতটুকু ধারনা ছিলো না, কি করা হবে, আর কি করা হবে না। রেডিওতে আমি মেজর জিয়ার ঘোষণা শুনেছি। সেই সংকটময় মুহূর্তে জিয়ার ভাষণটি বিভ্রান্ত ও নেতৃত্বহীন জাতিকে কিছুটা হলেও শক্তি ও সাহস যোগায়।’
তিনি বলেন, আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও সাবেক সেনা প্রধান এবং সেক্টর কমান্ডারকে এম শফিউল্লাহ ‘বাংলাদেশ এ্যাট ওয়ার’ বইয়ে লিখেন ২৫ মার্চ রাতে পাকিস্তান সামরিক বাহিনীর বিরুদ্ধে সদলবলে বিদ্রোহ ঘোষণা করেন। তার কমান্ডিং অফিসার জানজুয়া ও অন্যদের প্রথমে গ্রেপ্তার এবং পরে হত্যা করে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। ২৬ মার্চ স্বাধীনতার ঘোষণা দিয়ে পাক বাহিনীকে মোকাবেলার আহব্বান জানান।
‘লক্ষ প্রাণের বিনিময়ে’ বইয়ে সাবেক আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ও সেক্টর কমান্ডার মেজর (অব.) রফিকুল ইসলাম লিখেন, ২৭ মার্চের বিকেলে মেজর জিয়া আসেন মদুনাঘাটে এবং বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দেন। এই ঘোষণা শোনা যায় ২৮-৩০ মার্চ পর্যন্ত। এছাড়া মুক্তিযুদ্ধকালীন প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমেদ তার ভাষণে জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা ও পরবর্তীতে তার নেতৃত্বাধীন জেড ফোর্সের যুদ্ধকে স্টালিনগ্রাডের যুদ্ধের সঙ্গে তুলনা করেন।
প্রস্তুতিসভার আগে বরেণ্য রাজনীতিবিদ ব্যারিস্টার মওদুদ আহমদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে দোয়া, মুনাজাত করা হয়। এছাড়া নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ করেন।
বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেন, শহীদ জিয়া স্বাধীনতার ঘোষণা দিয়েছেন এটাই ইতিহাস, এটাই সত্য। ইতিহসাকে বিকৃত করে কোথাও কেউ ঠিকে থাকতে পারেনি। ইতিহাস একটি ক্যানভাস, রং তুলি দিয়ে কেউ চাইলে অন্য অবস্থানে নিয়ে যেতে পারে না।
বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম বলেন, আমরা মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। সুবর্ণজনয়ন্তীর অনুষ্ঠান আমরা করতে পারবো না এটা হতে পারে না। গণতন্ত্র শুধু বিএনপির জন্য নয়, আওয়ামী লীগের জন্যও দরকার।
চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও স্বাধীনতা সূবর্ণজয়ন্তী উদযাপন, বিভাগীয় সমন্বয় কমিটির সদস্য সচিব মাহবুবের রহমান শামীম’র পরিচালনায় এতে বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা গোলাম আকবর খোন্দকার, ড. সুকোমল বড়ুয়া, এসএম ফজলুল হক, মহানগর বিএনপির আহব্বায়ক ডা. শাহাদাত হোসেন, কক্সবাজার জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী, কেন্দ্রীয় বিএনপির শ্রমবিষয়ক সম্পাদক এএম নাজিম উদ্দিন, সহসাংগঠনিক সম্পাদক জালাল উদ্দিন মজুমদার, হারুন উর রশিদ, সহ দপ্তর সম্পাদক বেলাল আহমদ, সহ কর্মসংস্থান বিষয়ক সম্পাদক আবদুল ওয়াদুদ ভূঁইয়া, সহসমাজ কল্যাণ সম্পাদক শাহাব উদ্দিন শাবু, মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর, দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আবু সুফিয়ান, কেন্দ্রীয় বিএনপির সদস্য উদয় কুসুম বড়ুয়া, কাজী মফিজুর রহমান, মশিউর রহমান বিপ্লব, ফেণী জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ বাহার, রাঙামাটি জেলা বিএনপির সভাপতি মো. শাহ আলম, বান্দরবন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাবেদ রেজা, দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব মোস্তাক আহমদ খান, ফেনী জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, রাঙামাটি জেলা বিএনপির সাধারণ সম্পাদক দিপন তালুকদার, খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএন আবছার, মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক এমএ আজিজ, এসএম সাইফুল আলম, এসকে খোদা তোতন, নাজিমুর রহমান, কাজী বেলাল উদ্দিন, ইয়াছিন চৌধুরী লিটন, মো. শাহ আলম, ইসকান্দর মীর্জা, আবদুল মান্নান, সংসদ সদস্য প্রার্থী এনামুল হক এনাম, নুরুল আমিন চেয়ারম্যান, শহীদুল হক ভূঁইয়া ফরহাদসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের জেলা ও মহানগরের সভাপতি-সাধারণ সম্পাদকসহ নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি