বান্দরবানে ট্রাক-প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে পথচারী সহ ৮ জন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় বান্দরবান-কেরানীহাট সড়কের কসাই পাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহতরা হলেন- চট্টগ্রামের হালিশহর থানার মো. ফারুক, আনোয়ার হোসেন, মো. রিয়াদ, মো. ফাহাদ হোসেন, নাসির মেহেদী চৌধুরী। অপর তিনজনের নাম পাওয়া যায়নি। পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার সন্ধ্যায় পাথর বোঝাই একটি ট্রাক বান্দরবান বাস স্টেশনের উপর থেকে নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকার ও সিএনজিসহ কয়েকজন পথচারীকে ধাক্কা দিয়ে রাস্তার পাশে বৈদ্যুতিক খুঁটির সাথে লেগে উল্টে যায়। এসময় প্রাইভেট কারটি ধুমড়ে মুছড়ে গিয়ে পথচারীসহ প্রায় ৮জন আহত হয়। ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, পুলিশ আহতদের উদ্ধার করে দ্রুত বান্দরবান সদর হাসপাতালে প্রেরণ করে। আহতদের মধ্যে আশঙ্কাজনক ১ জনকে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে পাঠানো হয়।
বান্দরবান সদর থানার ওসি শহিদুল ইসলাম চৌধুরী জানান, বান্দরবান কসাই পাড়া এলাকায় পাথর বোঝাই ট্রাক ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে ৬ জন আহত হয়েছে। দুর্ঘটনার কারণ জানার চেষ্টা করছি। তবে যান্ত্রিক ত্রæটির কারণে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটেছে বলে মনে হচ্ছে।



