চসিক নির্বাচন আজ

0
চসিক নির্বাচন আজ

আওয়ামী লীগ-বিএনপিসহ বেশ কয়েকটি রাজনৈতিক দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রত্যাশিত চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন। অবাধ ও সুষ্ঠূভাবে নির্বাচনের লক্ষ্যে সবধরণের প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। গতকাল মঙ্গলবার বিকালের মধ্যেই ৭৩৫টি ভোটকেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছে দেয়া হয়েছে। নগরজুড়ে ভোট আমেজকে ছাপিয়ে ভোটারদের মধ্যে বিরাজ করছে উদ্বেগ-উৎকন্ঠা। তবে ভোটের পরিবেশ ঠিক থাকার কথাই জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা।
গতকাল সন্ধ্যায় চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামান পূর্বদেশকে বলেন, ‘ভোটের পরিবেশ ভালো আছে। প্রার্থী ও ভোটারদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে। ৭৩৫টি ভোটকেন্দ্রে পৌঁছে গেছে ইভিএম মেশিনসহ নির্বাচনী সরঞ্জাম। আশা করছি সকাল থেকেই ভোটাররা উৎসবমুখর পরিবেশে ভোট প্রদান করবে’।
জানা যায়, নির্বাচনে সাতজন মেয়র, ৫৭ জন সংরক্ষিত নারী কাউন্সিলর ও ১৬৮ জন সাধারণ কাউন্সিলর প্রার্থী মিলিয়ে ২৩২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এক প্রার্থীর মৃত্যু ও বিনা প্রতিদ্বন্দ্বিতায় এক প্রার্থী জয়ী হওয়ায় দুই ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে নির্বাচন হচ্ছে না। ৭৩৫টি ভোটকেন্দ্রের ৪ হাজার ৮৮৬টি বুথে ভোট প্রদান করবেন নগরীর ১৯ লক্ষ ৩৮ হাজার ৭০৭ ভোটার। এরমধ্যে পুরুষ ৯ লক্ষ ৯২ হাজার ৩৩ জন ও মহিলা ভোটার ৯ লক্ষ ৪৬ হাজার ৬৭৩ জন।
ভোটগ্রহণে দায়িত্ব পালন করবেন ১৫ হাজার ৩৯৩ জন। এরমধ্যে ৭৩৫ জন প্রিজাইডিং কর্মকর্তা, ৪ হাজার ৮৮৬ জন সহকারী প্রিজাইডিং কর্মকর্তা ও ৯৭৭২ জন পোলিং কর্মকর্তা। ৩০৬টি সাধারণ ও ৪২৯টি গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্র চিহ্নিত করে ভোটকেন্দ্রের নিরাপত্তা জোরদার করা হয়েছে। নির্বাচনের নিরাপত্তায় থাকবেন পুলিশ, র‌্যাব, বিজিবি, আনসারসহ আইনশৃঙ্খলা বাহিনীর ১৪ হাজার ৩৭০ সদস্য।নির্বাচন সংশ্লিষ্টরা জানান, সাধারণ ৩০৬টি কেন্দ্রে একজন উপ-পরিদর্শক অথবা সহকারী উপ-পরিদর্শক ও তিনজন কনস্টেবল মিলিয়ে পুলিশের চারজন সদস্য দায়িত্ব পালন করবেন। গুরুত্বপূর্ণ ৪৩৯টি কেন্দ্রে একজন উপ-পরিদর্শক অথবা সহকারী উপ-পরিদর্শক ও পাঁচজন কনস্টেবল মিলিয়ে পুলিশের ছয়জন সদস্য দায়িত্ব পালন করবেন। ৭৩৫টি ভোটকেন্দ্রে পুলিশ থাকবে ৩ হাজার ৭৯৮জন। এছাড়াও মোবাইল টিমের সাথে ৪১০ জন ও স্ট্রাইকিং ফোর্সের সাথে ১৪০ জন পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন। সবমিলিয়ে ভোটের মাঠেই পুলিশ থাকবে ৪ হাজার ৩৪৮ জন।
আনসারের দুইজন অস্ত্রসহ পিসি-এপিসি ও দশজন লাঠিসহ অঙ্গীভূত আনসার মিলিয়ে প্রতিটি কেন্দ্রে মোট ১২ জন করে দায়িত্ব পালন করবেন। সে হিসেবে ৮ হাজার ৮২০ জন আনসার সদস্য নিরাপত্তার দায়িত্বে থাকবেন। ৪১টি ওয়ার্ডের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ টিম হিসেবে ৪১ প্লাটুনে ৪৯২ জন র‌্যাব সদস্য দায়িত্ব পালন করবেন। প্রতি প্লাটুনে ৩০ জন হিসেবে ২৫টি বিজিবির টিম নির্বাচনী মাঠে থাকবেন। এছাড়াও ৬৯ জন ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন নির্বাচনে। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট থাকবেন ২০ জন।
চসিক নির্বাচনে মেয়র পদে সাতজন প্রার্থী প্রতিদ্ব›িদ্বতা করছেন। তারা হলেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত রেজাউল করিম চৌধুরী (নৌকা), বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি মনোনীত ডা. শাহাদাত হোসেন (ধানের শীষ), ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) আবুল মনজুর (আম), বাংলাদেশ ইসলামী ফ্রন্টের এমএ মতিন (মোমবাতি), স্বতন্ত্র খোকন চৌধুরী (হাতি), ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ মুহাম্মদ ওয়াহেদ মুরাদ (চেয়ার), ইসলামী আন্দোলন বাংলাদেশ’র মো. জান্নাতুল ইসলাম (হাতপাখা)। এছাড়াও ১৪টি সংরক্ষিত ওয়ার্ডে ৫৭ জন ও ৩৯টি সাধারণ ওয়ার্ডে ১৬৮ জন কাউন্সিলর প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করছে।
আওয়ামী লীগ ও বিএনপি দলীয় দুই প্রার্থী মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতায় থাকায় নির্বাচনে বাড়তি আমেজ যুক্ত হয়েছে। ১৮ দিনের প্রচারণা শেষে দুই দলের সমর্থকরা নিজ দলের প্রার্থীদের জয়ী করতে উন্মুখ হয়ে আছেন। এক্ষেত্রে আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকরা অনেকটা নির্ভার থাকলেও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে উদ্বেগ-উৎকন্ঠা বিরাজ করছে। ভোটকেন্দ্রের নিরাপত্তা পুলিশ মোতায়েন থাকলেও বিএনপির সমর্থকরা আদৌ ভোট দিতে যেতে পারবে কিনা তা নিয়ে সন্দিহান নেতা-কর্মীরা। তবে বিএনপি প্রার্থী শেষ পর্যন্ত মাঠে থাকার ঘোষণা দেয়ায় সমর্থকদের মধ্যে কিছুটা উৎসাহের সৃষ্টি হয়েছে।
অন্যদিকে, কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে ভোটের আমেজটা বেশি। ৩৯টি ওয়ার্ডেই জমজমাট ভোটের আবহ সৃষ্টি হয়েছে। ভোটকেন্দ্রগুলো গতকাল রাতের মধ্যেই পোস্টার-ব্যানারে ছেঁয়ে গেছে।
জিমনেসিয়ামে ভোট গণনা
চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের ভোট গণনা করা হবে এমএ আজিজ স্টেডিয়ামের জিমনেসিয়ামে। বিকাল থেকে সেখানেই ভোটকেন্দ্রের ফলাফল নিয়ে জড়ো হবেন প্রিজাইডিং কর্মকর্তারা। রাতের মধ্যে বেসরকারি ফলাফল জানাজানি হলেও আগামিকাল বিকাল ৩ টায় আনুষ্ঠানিকভাবে একীভূত ফলাফল ঘোষণা করার কথা জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা।