এনসিটিবির চেয়ারম্যানকে হাইকোর্টে তলব

0
এনসিটিবির চেয়ারম্যানকে  হাইকোর্টে তলব

ঢাকা প্রতিনিধি

পাঠ্যপুস্তকে মুক্তিযুদ্ধ নিয়ে ভুল থাকায় জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) চেয়ারম্যানকে তলব করেছেন হাইকোর্ট। আগামী ১০ নভেম্বর তাকে সশরীরে হাজির হতে বলা হয়েছে। বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মুস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ রোববার এ আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে আইনজীবী ছিলেন আলী মোস্তফা খান।
তিনি বলেন, ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পাঠ্যপুস্তকে ভুল। সেই ভুলের বিষয়ে দায়িত্বহীন আচরণের কারণে হাইকোর্টে রিট করা হয়েছিল। রিটের শুনানি নিয়ে হাইকোর্ট সে ভুলগুলো সংশোধনে কেন নির্দেশ দেয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছে। তার সঙ্গে কারিকুলাম বোর্ডের সদস্যকেও আদালত তলব করেছে। একই দিনে তাকে হাজির হতে বলা হয়েছে।
আদালত সূত্রে জানা গেছে, নবম-দশম শ্রেণির বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা বইয়ের ১৮৭ পৃষ্ঠায় শেখ মুজিবুর রহমানকে মুজিবনগর সরকারের ‘অস্থায়ী রাষ্ট্রপতি’ বলা হয়েছে। অথচ স্বাধীনতার ঘোষণাপত্রে শেখ মুজিবুর রহমানকে ‘প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি’ বলা হয়েছে। একই বইয়ের ১৭৪ পৃষ্ঠায় ৯ নম্বর লাইনে ‘আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’ না লিখে লেখা হয়েছে ‘দলীয় নেতা’ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সংবিধানের ১১ অনুচ্ছেদের লাইনটিও ভুলভাবে তুলে ধরা হয়েছে বইটিতে।
নবম ও দশম শ্রেণির বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের ২৯ পৃষ্ঠায় বঙ্গভবনকে লেখা হয়েছে ‘প্রেসিডেন্ট ভবন’। সেই সঙ্গে প্রধানমন্ত্রীর ‘কার্যকাল’ পাঁচ বছর বলে উল্লেখ করা হয়েছে। অথচ সংবিধানের কোথাও আলাদাভাবে প্রধানমন্ত্রীর ‘কার্যকালের’ কথা উল্লেখ নেই। এমন অনেক ভুল সংশোধন করতে অনেক অভিভাবক এনসিটিবিকে চিঠি দিলেও কর্ণপাত করা হয়নি। শেষ পর্যন্ত হাইকোর্টের দারস্থ হন এক অভিভাবক। রিটকারী আইনজীবী জানান, তারা চান দ্রæত এই রিটের শুনানি হোক। কারণ নতুন শিক্ষাবর্ষে এসব ভুল সংশোধন না হলে আবারও শিক্ষার্থীদের হাতে ভুল বই যাবে। তাই হাইকোর্টে এ রিট করা হয়। ওই রিটের শুনানি নিয়ে এই আদেশ দেন হাইকোর্ট।