ডোনাল্ড ট্রাম্পকে হারিয়ে জো বাইডেন বিজয়ী হয়েছেন এই খবর প্রকাশের পর তার রানিংমেট কমলা হ্যারিস তাকে ফোন করে বলেছেন, ‘আমরা পেরেছি জো’। নিজের টুইটার অ্যাকাউন্টে ওই ফোন কলের ভিডিও প্রকাশ করেছেন তিনি। সেখানে বাইডেনের উদ্দেশে তাকে বলতে শোনা গেছে, ‘তুমিই ইউনাইটেড স্টেটের পরবর্তী প্রেসিডেন্ট।’ এটা বলেই জয়ের হাসি হাসেন তিনি। মুহূর্তে ভাইরাল হয়েছে এই ভিডিও। এই প্রতিবেদন লেখার সময় ২০ লাখের বেশি মানুষ ভিডিওটি দেখেছেন। বর্ণবৈষম্য নিয়ে উত্তপ্ত আবহের মধ্যে মার্কিন ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে সিনেটর কমলা হ্যারিসকে বেছে নিয়েছিলেন প্রেসিডেন্ট পদপ্রার্থী জো বাইডেন। এই পদে তিনিই প্রথম অশ্বেতাঙ্গ নারী হিসেবে নির্বাচিত হলেন। কমলা প্রথম এশীয়-আমেরিকান ভাইস প্রেসিডেন্ট। হ্যারিসকে মনোনীত করার পর বাইডেন বলেছিলেন, ‘আমরা দু’জনে মিলে এবার ট্রাম্পকে কড়া টক্কর দেবো।’ বাইডেনকে টেলিফোন করার ভিডিও প্রকাশের আগে, পেনসিলভেনিয়ায় জয়ের সঙ্গে সঙ্গে কমলা হ্যারিস একটি ভিডিও টুইট করেন। রাই চার্লসের ‘আমেরিকা, দ্য বিউটিফুল’ গানসহ আমেরিকানদের বিভিন্ন পটভূমিকায় দেখানো হয় ভিডিওটিতে। ভিডিও ক্যাপশনে তিনি লেখেন- ‘এই নির্বাচন জো বাইডেন ও আমার কাছে নির্বাচনের থেকেও অনেক বেশি কিছু ছিল। এটি আমেরিকার আত্মা এবং এর জন্য আমরা যুদ্ধের মতো লড়েছি।’ তিনি বলেন, ‘আমাদের একসাথে অনেক কাজ করে, আমেরিকাকে এগিয়ে নিতে হবে। চলুন শুরু করি।’ বাইডেন প্রচারণা টিমের কমিউনিকেশন ডিরেকটর এই ফল ঘোষণার আগে আমেরিকায় বিবিসির পার্টনার চ্যানেল সিবিএসকে জানান, ডেলাওয়ারে মি. বাইডেনের সদর দফতরের পরিবেশ ‘উৎসবমুখর’ এবং ‘উল্লসিত’। কমলা ভারতের চেন্নাইয়ে জন্মেছিলেন। নিজেদের সংস্কৃতি এবং পরিচয়ের সংযোগ রাখতে কমলা এবং তার বোন মায়ার সংস্কৃত নাম রেখেছিলেন তাদের ক্যানসার গবেষক মা। ২০০৯ সালে তার মৃত্যু হয়। কমলার বাবা ডোনাল্ড হ্যারিস জ্যামাইকান। তিনি স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন।



