আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স তাদের ১৭০ বছরের ইতিহাসে প্রথম নারী প্রধান সম্পাদক পেতে যাচ্ছে। আগামী সোমবার থেকে ইতালিয়ান আলেসান্দ্রা গ্যালোনিকে এ পদে দেখা যাবে বলে মঙ্গলবার এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থাটি। ৪৭ বছর বয়সী গ্যালোনি সেদিন গত এক দশক ধরে রয়টার্সের বার্তাকক্ষকে নেতৃত্ব দেওয়া স্টিফেন জে. অ্যাডলারের স্থলাভিষিক্ত হবেন। অ্যাডলার চলতি মাসেই অবসরে যাচ্ছেন। তার নেতৃত্বে এ বার্তা সংস্থ সাংবাদিকতা বিষয়ক কয়েকশ পুরস্কারে ভূষিত হয়েছে, যার মধ্যে আছে সাতটি পুলিৎজার; যা এই শিল্পের সর্বোচ্চ সম্মান। রোমে বেড়ে ওঠা গ্যালোনি চারটি ভাষায় পারদর্শী।



