শি-বাইডেন প্রথম ফোনালাপ সংঘাত নিয়ে সতর্কবার্তা

0
শি-বাইডেন প্রথম ফোনালাপ  সংঘাত নিয়ে সতর্কবার্তা

জো বাইডেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার পর এই প্রথম ফোনে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে কথা বলেছেন বলে জানিয়েছে হোয়াইট হাউজ। সম্প্রতি দক্ষিণ চীন সাগর নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের উত্তেজনার আবহের মধ্যেই দুই দেশের নেতা ফোনে কথা বললেন। চীনের স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল ও যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় দুইজনের মধ্যে কথা হয়েছে। আলাপকালে বাইডেন অবাধ ও মুক্ত ইন্দো-প্যাসিফিক অঞ্চলকে অগ্রাধিকার দিয়েছেন। অন্যদিকে, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সতর্ক করে দিয়ে বলেছেন, সংঘাত দুই দেশের জন্যই বিপর্যয় বয়ে আনবে।
হোয়াইট হাউজ এক বিবৃতিতে জানায়, প্রেসিডেন্ট জো বাইডেন শিনজিয়াংয়ে চীনের মানবাধিকার লঙ্ঘন নিয়ে কথা বলেছেন। এছাড়া, হংকংয়ের ওপর চীনের দমন পীড়ন এবং তাইওয়ানের সঙ্গে চীনের চলমান উত্তেজনা নিয়েও কথা বলেন তিনি। অন্যদিকে, চীনের পররাষ্ট্রন্ত্রণালয় জানিয়েছে, প্রেসিডেন্ট শি সংঘাতের পরিণতি নিয়ে বাইডেনকে সতর্ক করে দিয়ে দু’পক্ষেরই ভুলবোঝাবুঝি এড়িয়ে চলা দরকার বলে মত দিয়েছেন। তাছাড়া, শিনজিয়াং, হংকং এবং তাইওয়ান প্রশ্নে কড়া ভাষায় শি বলেছেন, এসবই সার্বভৌম দেশ এবং আঞ্চলিক অখন্ডতার বিষয়। এসব বিষয়ে যুক্তরাষ্ট্র সতর্ক পন্থা অবলম্বন করবে বলেই তিনি আশা করেন। গতবছর মার্চে তৎকালীন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সঙ্গে সর্বশেষ কথা হয়েছিল চীনা নেতার। এরপর বাইডেনের সঙ্গে শি’র এটাই প্রথম ফোনালাপ।