মিয়ানমারের সামরিক জান্তাবিরোধী রাজনীতিকদের গঠন করা ছায়া সরকার জানিয়েছে, নতুন প্রতিরক্ষা বাহিনীর জন্য সংগৃহীতদের প্রথম ব্যাচের প্রশিক্ষণ শেষ হয়েছে। বাহিনীটির উর্দি পরা নতুন এই সদস্যরা প্যারেড করছেন, এমন একটি ভিডিও-ও প্রকাশ করছে তারা। ১ ফেব্রুয়ারি মিয়ানমারের ক্ষমতা দখল করা সেনাবাহিনীকে চ্যালেঞ্জ জানানোর জন্য ‘পিপলস ডিফেন্স ফোর্স’ গঠনের ঘোষণা দিয়েছিল জান্তাবিরোধী এই জাতীয় ঐক্য সরকার। পিপলস ডিফেন্স ফোর্সের ওই সদস্যদের গ্রাজুয়েশন অনুষ্ঠানের ভিডিওটি ছায়া সরকারের প্রতিরক্ষামন্ত্রী ই মনের নামে শুক্রবার প্রকাশ করা হয়েছে বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে।
অনুষ্ঠানে জাতীয় ঐক্য সরকারের অজ্ঞাত এক কর্মকর্তা বলেন, ‘বেসামরিক সরকারের কর্তৃত্বে এই সামরিক বাহিনী প্রতিষ্ঠিত হয়েছে। পিপলস ডিফেন্স ফোর্স অবশ্যই জনগণের সঙ্গে জোটবদ্ধ থাকবে এবং তাদের রক্ষা করবে। আমরা এই যুদ্ধ জয়ের জন্য লড়াই করবো।’ এ বিষয়ে মন্তব্যের জন্য জান্তা সরকারের এক মুখপাত্রকে ফোন করা হলেও তিনি উত্তর দেননি বলে জানিয়েছে রয়টার্স। মিয়ানমারের সামরিক কর্তৃপক্ষ বলেছে, জাতীয় ঐক্য সরকার রাষ্ট্রদ্রোহী এবং একে ও পিপলস ডিফেন্স ফোর্সকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে চিহ্নিত করা হয়েছে।



