হোয়াইট হাউজে অভিষেকের পর এই প্রথমবারের মতো রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। মঙ্গলবার ফোনে কথা হয় দুই নেতার। ফোনালাপে রাশিয়ার বিরোধীদলীয় নেতা আলেক্সাই নাভালনি-র গ্রেফতার, মস্কোর সাইবার গুপ্তচরবৃত্তি এবং আফগানিস্তানে মার্কিন বাহিনীর ওপর হামলায় রাশিয়ার উস্কানির মতো বিষয়গুলোর অবতারণা করেন মার্কিন প্রেসিডেন্ট। বাইডেন প্রশাসনের দুই জন ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।
হোয়াইট হাউজ জানিয়েছে, পুতিনের কাছে আলেক্সাই নাভালনি-র অবস্থা নিয়ে উদ্বেগ জানিয়েছেন বাইডেন। ইউক্রেনের ওপর আগ্রাসন থামাতেও মস্কোর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। কেননা, ইউক্রেনের সার্বভৌমত্বের প্রতি যুক্তরাষ্ট্রের জোরালো সমর্থন রয়েছে। দুই নেতার ফোনালাপে বিশেষ করে পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তির মেয়াদ বাড়ানোর বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। বাইডেন বলেন, পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি যার মেয়াদ ফেব্রæয়ারির প্রথম দিকে শেষ হচ্ছে, উভয় দেশের উচিত হবে তা আরও ৫ বছরের জন্যে নবায়ন করা। ২০১০ সালে ওবামা প্রশাসন মস্কোর সঙ্গে ওই চুক্তিতে উপনীত হয়েছিল।



