কর্ণফুলীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

0
কর্ণফুলীতে ডেঙ্গু প্রতিরোধে  পরিচ্ছন্নতা অভিযান

কর্ণফুলী প্রতিনিধি

‘নিজ নিজ পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখুন, ডেঙ্গুমুক্ত থাকুন’- প্রতিপাদ্যে কর্ণফুলীতে ডেঙ্গু প্রতিরোধে ব্যাপক পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে বেসরকারি সংস্থা ব্র্যাক। গতকাল সোমবার সকাল ১০টা থেকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় এ কর্মসূচি পালন করা হয়।
অভিযানে স্বাস্থ্য সহকারী আহমেদের নেতৃত্বে ১০ জন স্বেচ্ছাসেবক ও স্বাস্থ্যকর্মী পাথরঘাটা ইউনিয়নের তোতার বাপের হাটখোলা বাজার এলাকায় ময়লা-আবর্জনা অপসারণ ও পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেন। একইসঙ্গে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আশেপাশের খালি জায়গা ও আবর্জনাপূর্ণ স্থানগুলোও পরিষ্কার করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোছাম্মৎ জেবুন্নেসা, আবাসিক মেডিকেল অফিসার ডা. ফারহানা তারান্নুম, অন্যান্য চিকিৎসক, ব্র্যাকের উপজেলা প্রোগ্রাম সমন্বয়কারী খোরশেদসহ স্থানীয় স্বেচ্ছাসেবীরা।
ডা. মোছাম্মৎ জেবুন্নেসা বলেন, স্বাস্থ্য সহকারী আহমেদের সমন্বয়ে ১০ জন স্বেচ্ছাসেবক পরিচ্ছন্নতা কার্যক্রম চালাচ্ছেন। একই সঙ্গে চারজন স্বাস্থ্যকর্মী বাড়ি বাড়ি গিয়ে ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্যশিক্ষা প্রদান করছেন।