ডবলমুরিং থানার আগ্রাবাদ এলাকায় নালার ভেতর থেকে মো. ফারুক (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দুপুরে আগ্রাবাদ কনভেনশন হলের পেছনের নালায় লাশটি পাওয়া যায়।
স্থানীয়রা জানান, যে স্থানে ফারুকের মরদেহ পাওয়া গেছে, সেখানে সচরাচর মানুষজন যাওয়া আসা করেন না। মাদকাসক্ত ফারুক বিভিন্ন কমিউনিটি সেন্টারে ইভেন্ট ম্যানেজমেন্টের কাজ করতেন। ফুল সরবরাহ করতেন।
ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, ‘কনভেনশন সেন্টারের পেছনের নালায় উপুড় হয়ে পড়ে থাকা একজনকে দেখে স্থানীয়রা আমাদের খবর দেয়। আমরা গিয়ে লাশ উদ্ধার করি। সচরাচর নালার আশপাশে কেউ যায় না। খবর পেয়ে ঘটনাস্থলে গেছে সিআইডির ক্রাইম সিন ইউনিট। তার মৃত্যু কিভাবে হয়েছে সেটা খতিয়ে দেখা হচ্ছে।’



