ঈদগাঁওয়ে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ওসি ফরিদার

0
ঈদগাঁওয়ে মাদকের বিরুদ্ধে  জিরো টলারেন্স ওসি ফরিদার

ঈদগাঁও প্রতিনিধি

কক্সবাজারের ঈদগাঁও থানার প্রথম নারী (ওসি) ফরিদা ইয়াসমিন মাদকের ছোবল থেকে যুবসমাজকে রক্ষা করতে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। তিনি বলেন, মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তারের পর যারা ছাড়িয়ে নিতে আসবেন এসব দালালদেরও চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। এ ব্যাপারে কাউকে ছাড় দেয়া হবে না। আর যারা এসব ছেড়ে ভালো হয়ে যাবে তাদের ব্যাপারেও পুলিশ বিবেচনা করবে।
ওসি ঘোষণা দিয়ে বলেন, আমি নারী অফিসার বলে যে বসে বসে ঘুমাবো তা ভাবার অবকাশ নেই। হয় মাদক ছাড়তে হবে না হয় এলাকা ছেড়ে চলে যাও।
গত রবিবার বিকেলে উপজেলার ঈদগাঁও ইউনিয়নের ভাদিতলায় মাদক ও অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে নবাগত ওসি এসব কথা বলেন।
​মাদক ও অপরাধ নির্মূল কমিটির আহব্বায়ক হামিদুল হক হামিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মাদকদ্রব্য অধিদপ্তর উপ-পরিদর্শক মো. জাহিদুল ইসলাম, ঈদগাঁও ইউপি চেয়ারম্যান আব্দুল হাকিম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবদু শুক্কুর, ইউনিয়ন বিএনপির সভাপতি আবু ছিদ্দিক, সিনিয়র সহ-সভাপতি জাহাঙ্গীর বাঙালী, সাবেক মেম্বার জিয়াবুল হক জিয়া বক্তব্য রাখেন।
এসময় বিভিন্ন স্কুল ও মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, মসজিদের ইমাম, স্থানীয় ব্যবসায়ীসহ বিপুল সংখ্যক সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।
সভায় ওসি ফরিদা ইয়াসমিন ঈদগাঁও’র আইনশৃঙ্খলা পরিস্থিতি, পুলিশি সেবার মান ও থানা এলাকার বিভিন্ন সামাজিক সমস্যা, সেবা এবং শৃঙ্খলা রক্ষায় সবার সহযোগিতা কামনা করেন।