পটিয়ায় প্রবাসী খুনে বিএনপি নেতা গ্রেপ্তার

0
পটিয়ায় প্রবাসী খুনে বিএনপি নেতা গ্রেপ্তার

পটিয়া প্রতিনিধি

পটিয়ায় প্রবাস ফেরত মো. মামুনকে ছুরিকাঘাতে হত্যার মামলায় বিএনপি নেতা মো. আইয়ুব আলী প্রকাশ বুইন্যাকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল রবিবার সন্ধ্যা ৬টার দিকে দক্ষিণ ভূর্ষির ডেঙ্গাপাড়ার নিজবাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি মামুন হত্যা মামলায় প্রধান আসামি ফাহিমের পিতা এবং ওই মামলার ৪ নং আসামি।
গত বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫ টার দিকে ডেঙ্গাপাড়া স্বপ্ন মসজিদের ঈদগাহ এলাকায় ইয়াবা সংক্রান্ত বিরোধ নিয়ে মামুন ও ফাহিমের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে মামুনকে ছুরিকাঘাত করে ফাহিম। গুরুতর আহত মামুনকে প্রথমে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থা আশঙ্কাজনক হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হয়। শুক্রবার ভোর সাড়ে ৫ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মামুন মারা যান। মামুন দুই বছর আগে ওমান থেকে দেশে ফিরে রাজমিস্ত্রীর কাজ করতেন। তিনি ডেঙ্গাপাড়ার মৃত আবুল বশরের ছেলে।
এই ঘটনায় শনিবার নিহতের স্ত্রী আঁখি আকতার বাদী হয়ে পটিয়া থানায় ফাহিমকে প্রধান আসামি করে ৪ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। এছাড়া অজ্ঞাত আরও ২-৩ জনকে আসামি করা হয়।
স্থানীয়রা জানান, ফাহিম যুবলীগ ক্যাডার লিটন বড়ুয়ার অনুসারী হিসেবে পরিচিত। পটিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও গুলিবর্ষণের ঘটনায় লিটন বড়ুয়ার সাথে তার একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।
পটিয়া থানার ওসি মো. নুরুজ্জামান বলেন, পূর্ব বিরোধের জের ধরে মামুনকে ছুরিকাঘাত করেছে ফাহিম। সে একজন ছিনতাইকারী। রবিবার সন্ধ্যায় মামলার আসামি আইয়ুব আলীকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার সকালে তাকে আদালতে পাঠানো হবে। ফাহিমসহ অন্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।