চকরিয়া প্রতিনিধি
কক্সবাজারের চকরিয়ায় মহাসড়কের ফাঁসিয়াখালী ইউনিয়নের পাহাড়িয়া ঢালা এলাকায় রশি টেনে ডাকাতির সময় মোটরসাইকেল আরোহী মাহমুদুল হক নামের এক যুবক খুনের ঘটনায় জড়িত এজাহারনামীয় তিন ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রবিবার দুপুরে ডাকাতদের ধরতে অভিযান চালাতে গিয়ে আহত হয়েছেন চকরিয়া থানার ওসি মোহাম্মদ তৌহিদুল আনোয়ার। পরে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসা সেবা নিয়েছেন।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, মোটরসাইকেল আরোহী যুবক মাহমুদুল হক নিহতের ঘটনায় তার পিতা উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী এলাকার নবী হোসেন বাদী হয়ে গত ১৯ সেপ্টেম্বর চকরিয়া থানায় তিনজনের নাম উল্লেখপূর্বক ৪ জনকে অজ্ঞাত দেখিয়ে একটি মামলা দায়ের করেন। এরপর শনিবার রাতে থানা পুলিশ অভিযান চালিয়ে ঘটনায় জড়িত হুমায়ূন কবির নামের এক ডাকাতকে গ্রেপ্তার করে। গতকাল রবিবার দুপুরে গ্রেপ্তার ডাকাত সদস্য হুমায়ুন কবির চকরিয়া উপজেলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দায় স্বীকার করে জবানবন্দী দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেন চকরিয়া থানার ওসি তৌহিদুল আনোয়ার।
গ্রেপ্তার হুমায়ুন কবির লামা উপজেলার ৩ নম্বর ফাঁশিয়াখালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইয়াংছা বাজার এলাকার রেনু মিয়ার ছেলে।
গতকাল রবিবার দুপুরে আসামি হুমায়ুন কবির আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়ার পরপরই চকরিয়া থানার ওসি তৌহিদুল আনোয়ারের নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনায় জড়িত অপরাপর ডাকাতদের ধরতে অভিযান শুরু করেন। একপর্যায়ে পুলিশ লামার ইয়াংছা এলাকায় ডাকাত ফরিদুল আলম ও হামিদ হোছাইনকে ঘিরে ফেললে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে ওসিসহ সঙ্গীয় পুলিশ টিম ধাওয়া করে দুই ডাকাতকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। এসময় ধাওয়া দিতে গিয়ে পড়ে আহত হন ওসি তৌহিদুল আনোয়ার।
এর আগে গত ১৮ সেপ্টেম্বর রাতে নিহত মাহমুদুল হকসহ কক্সবাজারের উখিয়ার তিনজন ও ইদগাঁও উপজেলার একজনসহ চার বন্ধু মিলে মোটরসাইকেলযোগে রাঙামাটির সাজেক যাচ্ছিলেন। রাত ১২ টার দিকে তারা মহাসড়কের চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের পাহাড়িয়া ঢালা এলাকায় পৌঁছালে রশি টেনে ২টি মোটরসাইকেল আরোহীদের গতিরোধ করে করে। তখন ডাকাতের দল কুপিয়ে তাদেরকে আহত করে মোটরসাইকেল, মানিব্যাগসহ নগদ টাকা নিয়ে পালিয়ে যায়। পরে আহতদের মধ্যে মাহমুদুল হক মারা যান। অপর আহতদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অপর আহত যুবক চকরিয়া সরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তৌহিদুল আনোয়ার বলেন, মোটরসাইকেল আরোহী খুনের মামলায় এজাহারনামীয় আসামি হুমায়ুন কবিরকে শনিবার রাতে গ্রেপ্তার করা হয়। রবিবার দুপুরে আসামি হুমায়ুন আদালতে স্বীকারোক্তিমুলক জবানবন্দি দিয়েছেন। তার স্বীকারোক্তি অনুযায়ী রবিবার বিকালে লামা উপজেলার ইয়াংছা এলাকায় অভিযান চালিয়ে আরও দুই ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে।



