আফগানিস্তান থেকে বিদেশি সেনা প্রত্যাহার পুরোপুরি শেষ হওয়ার আগেই দাপট বাড়তে থাকা তালেবান জঙ্গিরা এবার উত্তর-পশ্চিমাঞ্চলের বাদঘিস প্রদেশের রাজধানীতে ঢুকে হামলা চালিয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। বুধবারের এ হামলায় পুলিশ সদরদপ্তর দখলে নিয়েছে তারা। আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত হওয়ার পর থেকে কোনও প্রাদেশিক রাজধানীতে এটিই তালেবানের প্রথম সরাসরি হামলা। এ হামলার ঘটনায় স্থানীয় লোকজনের মাঝে আতঙ্ক সৃষ্টি হয়েছে। প্রাদেশিক রাজধানী কালা-ই-নাউয়ের সব সরকারি কর্মকর্তা কাছের একটি সেনাঘাঁটিতে চলে গেছেন বলে বিবিসি-কে জানিয়েছেন স্থানীয় গভর্নর। তিনি বলেন, “জঙ্গিরা শহরের কেন্দ্রের দিকে অগ্রসর হচ্ছে এবং সরকারি বাহিনীর সঙ্গে তাদের ব্যাপক লড়াই চলছে।”
বিমান হামলা চালানো হচ্ছে এবং তালেবাস যোদ্ধাদের পিছু হটিয়ে দিতে বিশেষ বাহিনীও মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। বিদেশি সেনা প্রত্যাহারের চূড়ান্ত ১১ সেপ্টেম্বর সময়সীমার আগেই অর্ধেকের বেশি সেনা আফগানিস্তান ছেড়ে চলে গেছে। এখন দেশের নিরাপত্তাভার পুরোপুরি হাতে তুলে নেওয়ার দায়িত্ব আফগান সেনাবাহিনীর। এরই মধ্যে কয়েক সপ্তাহে আফগানিস্তানজুড়ে তালেবান দ্রুতই অগ্রগতি অর্জন করেছে। বিশেষ করে দেশের উত্তরাঞ্চলে তাদের অগ্রযাত্রা হয়েছে বেশি। বাদঘিস প্রদেশের গভর্নর হুসামুদ্দিন শামস রয়টার্স বার্তা সংস্থাকে বলেন, তালেবান স্থানীয় সময় সকালের দিকে কালা-ই নাউ শহরে তিনদিক থেকে আক্রমণ করেছে। আফগান নিরাপত্তা বাহিনী তাদের প্রতিহত করার জন্য লড়ছে। তালেবান জঙ্গিরা শহরের কয়েকটি অংশে ঢুকেছিল, তবে তাদেরকে শক্তিশালী পাল্টা জবাব দেওয়া হয়েছে বলে জানান শামস। বিশেষ বাহিনী জঙ্গিদেরকে হটিয়ে দেওয়ার আগে তারা ন্যাশনাল ডাইরেক্টরেট অব সিকিউরিটির (এনডিএস) কার্যালয় ও পুলিশ সদরদপ্তর দখলে নেয় এবং গভর্নরের কার্যালয়ও দখলের চেষ্টা চালিয়েছিল বলে জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রণালয়ের এক কর্মকর্তা। মন্ত্রণালয়ের উপমুখপাত্র বলেন, এনডিএস কার্যালয় ও পুলিশ সদরদপ্তর এখন পুনর্দখল করা হয়েছে এবং পরবর্তী কয়েকঘন্টার মধ্যে শহর তালেবান জঙ্গিমুক্ত হয়ে যাবে বলে তারা আশা করছেন।
স্থানীয় বাসিন্দারা বিবিসি-কে জানিয়েছে, তালেবান জঙ্গিরা কালা-ই-নাউয়ের কারাগারে গিয়ে প্রায় ৪শ’ বন্দিকে মুক্ত করে দিয়েছে। এদের মধ্যে ১শ’ জনেরও বেশি তালেবান যোদ্ধা রয়েছে। আফগান বাহিনীর যে রক্ষীরা ওই কারাগারের পাহারায় ছিলেন তারা কোনও লড়াই ছাড়াই তারা আত্মসমর্পণ করেছেন।



