মিয়ানমারে সামরিক শাসনের বিরুদ্ধে সবচেয়ে বড় বিক্ষোভ

0
মিয়ানমারে সামরিক শাসনের  বিরুদ্ধে সবচেয়ে বড় বিক্ষোভ

সেনা অভ্যুত্থানের প্রতিবাদে মিয়ানমারের মূল শহর ইয়াঙ্গুনে সমাবেশ করেছে কয়েক হাজার মানুষ। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, সেনাশাসন শুরুর পর এটাই দেশটিতে সবথেকে বড় বিক্ষোভ। সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধ করে সেনাবাহিনী জনগণের সমাবেশ বন্ধ করার চেষ্টা করা সত্ত্বেও শনিবারের এই প্রতিবাদ দমন করা যায়নি।
গত ১ ফেব্রুয়ারি ভোরে মিয়ানমারের ক্ষমতা দখল করে দেশটির সেনাবাহিনী। এদিন অভিযান চালিয়ে রাষ্ট্রীয় উপদেষ্টা অং সান সু চি এবং ক্ষমতাসীন দলের শীর্ষস্থানীয় নেতাদের আটক করা হয়। রাজধানী নেপিডো ও প্রধান শহর ইয়াঙ্গুনের রাস্তায় রাস্তায় টহল দিতে শুরু করে সামরিক বাহিনীর সদস্যরা। দেশজুড়ে ঘোষণা করা হয় এক বছরের জরুরি অবস্থা। অপরদিকে সেনা অভ্যুত্থানের প্রতিবাদে মিয়ানমারে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছেন সু চি সমর্থকরা। এতে শামিল হয়েছেন বিভিন্ন পেশার মানুষ। পাশাপাশি আরও বিভিন্ন আন্দোলন-কর্মসূচি অব্যাহত রয়েছে।
বিবিসি জানিয়েছে, শনিবার অভ্যুত্থানের প্রতিবাদে মিয়ানমারের মূল শহর ইয়াঙ্গুনের সমাবেশ থেকে বিক্ষোভকারীরা ‘সামরিক স্বৈরশাসক, ব্যর্থ, ব্যর্থ’, ‘গণতন্ত্রের, জয়, জয়’ বলে স্লোগান দিতে থাকে। সে সময় নির্বাচিত নেতা অং সান সু চিসহ সেনাবাহিনী কর্তৃক আটককৃত অন্যদের মুক্তি দেওয়ার আহবান জানানো হয়। এর আগে শুক্রবার ইয়াঙ্গুনের ড্যাগন বিশ্ববিদ্যালয়ের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন কয়েক শ’ শিক্ষক ও শিক্ষার্থী। শুক্রবার মিয়ানমারে আরও বেশ কিছু এলাকায় বিক্ষোভ হচ্ছে।
ইয়াঙ্গুনসহ কোনও কোনও শহরের বাসিন্দারা বাড়িতে বসে রাত্রিকালীন বিক্ষোভে অংশ নিচ্ছেন। রাতে থালা-বাসন বাজিয়ে, বিপ্লবী গান গেয়ে প্রতিবাদ জানাচ্ছেন তারা। কাউকে কাউকে দিনের বেলা ফ্ল্যাশ মব করতেও দেখা যাচ্ছে।