শুরুতে নেটে ৩৫ মিনিটের মতো ব্যাটিং। এরপর সেন্টার উইকেটে ম্যাচ পরিস্থিতিতে ব্যাটিং মিনিট ১৫। কুঁচকির চোট কাটিয়ে প্রথম দিনের অনুশীলনে বেশ লম্বা সময় ব্যাটিং ঝালিয়ে নিলেন সাকিব আল হাসান।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে দলের বেশির ভাগ ক্রিকেটার মাঠে নামেন দুপুর দেড়টার দিকে। সাকিব ড্রেসিং রুম থেকে বের হন দুইটার দিকে। প্যাড-গ্লাভস পরে ব্যাটিংয়ের জন্য প্রস্তুত হয়েই নামেন মাঠে।
ব্যাটিং সেশন শেষে ফিজিও জুলিয়া কালেফাতোর সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলতে দেখা যায় সাকিবকে। এ দিন বোলিং করতে দেখা যায়নি তাকে। প্রসঙ্গত, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ ওয়ানডেতে নিজের বলে ফিল্ডিংয়ের সময় কুঁচকিতে টান লেগে মাঠ ত্যাগ করেন সাকিব। পরে কয়েকদিন বিশ্রামে থেকে বৃহস্পতিবার স্ক্যান করিয়ে ভাল রিপোর্ট পাওয়ায় শনিবার দুপুরে নামলেন অনুশীলনে।



