নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের ও গ্রেপ্তারের প্রতিবাদ

0
নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের ও গ্রেপ্তারের প্রতিবাদ

চসিক নির্বাচনে প্রশাসনের সহযোগিতায় বিএনপির নেতা-কর্মীদের নামে বিভিন্ন থানায় মামলা দায়ের এবং গ্রেপ্তারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা রোজী কবির, গোলাম আকবর খোন্দকার, এস এম ফজলুল হক, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক ও মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন, সদস্য সচিব আবুল হাশেম বক্কর ও দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আবু সুফিয়ান।
গতকাল শুক্রবার এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, নির্বাচনে পুলিশের নিরপেক্ষ ভূমিকা পালন করার কথা থাকলেও অতিউৎসাহী কিছু সদস্য এলাকায় এলাকায় বিএনপির নেতা-কর্মীদের বাড়ি তল্লাশি চালাচ্ছে। সিটি কর্পোরেশন নির্বাচন বানচাল করার জন্য আওয়ামী লীগ আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করছে। গত দুই-তিনদিন ধরে বিএনপির নেতা-কর্মীদের বাড়িতে হানা দিচ্ছে পুলিশ। নগরীর পাঁচলাইশ, কোতোয়ালী, আকবরশাহ, পাহাড়তলী ও বাকলিয়া থানায় মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। নগরীর বিভিন্ন থানা পুলিশ বিএনপির ২০-৩০ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে। অনেক কাউন্সিলর প্রার্থীসহ দায়িত্বশীল নেতা-কর্মীকে এলাকা ছেড়ে চলে যাওয়ার হুমকি দিচ্ছে।
নেতৃবৃন্দ বলেন, আওয়ামী লীগের সন্ত্রাসীরা তাদের ক্যাম্প তারা ভেঙে ইস্যু তৈরি করে বিএনপির কার্যালয়ে হামলা করেছে। তারা এমন একটি পরিবেশ সৃষ্টি করেছে, যাতে মানুষ নির্বাচনের আগ্রহ হারিয়ে ফেলে, ভোটকেন্দ্রে না যায়। গেলেও তাদের নিয়ন্ত্রিত অবস্থায় পুরো নির্বাচন চলে, সেই ব্যবস্থা করা হয়েছে। এই ধরনের নির্বাচনের তো কোনো প্রয়োজন নেই।
নেতৃবৃন্দ পুলিশকে প্রজাতন্ত্রের কর্মচারী হিসাবে নাগরিকদের নিরাপত্তা বিধানসহ নিরপেক্ষ থাকার আহব্বান জানান।