স্মার্ট বাকলিয়া গড়তে ধানের শীষে ভোট চাই

0
স্মার্ট বাকলিয়া গড়তে ধানের শীষে ভোট চাই

 

চসিক নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন বলেছেন, আমি বাকলিয়ার সন্তান। বাকলিয়া আমার নিজের এলাকা। বাকলিয়ার মানুষের সাথে আমার আত্মার সর্ম্পক। এখানে আমার জন্ম, বেড়ে উঠা। এ বাকলিয়াকে বিএনপি ক্ষমতায় থাকাকালীন শহরে রূপদান করে। পরবর্তীতে বাকলিয়ার প্রতি নজর দেয়নি বর্তমান সরকার। আমি মেয়র হলে বাকলিয়াকে একটি মাদক, সন্ত্রাস ও আর্বজনামুক্ত আধুনিক স্মার্ট বাকলিয়ায় পরিণত করবো।
তিনি গতকাল শুক্রবার নগরীর পশ্চিম, পূর্ব ও দক্ষিণ বাকলিয়ায় ধানের শীষের পক্ষে গণসংযোগকালে এ কথা বলেন।
তিনি বিএনপির কেন্দ্রীয় নেতা ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, হাবিবুন নবী খান সোহেল, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, শহীদুল ইসলাম বাবুল, ব্যারিস্টার মীর হেলাল উদ্দিনকে সাথে নিয়ে রাহাত্তারপুল মোড় থেকে গণসংযোগ শুরু করেন।
এ সময় ডা. শাহাদাত বলেন, বৃহত্তর বাকলিয়ার উন্নয়নে বিএনপির অবদান সবচেয়ে বেশি। বাকলিয়ায় শিক্ষার মান উন্নত করার জন্য বিএনপির সময়ে বাকলিয়ায় উচ্চ ও মাধ্যমিক স্কুল এবং শহীদ এনএমজে ডিগ্রি কলেজ প্রতিষ্ঠা করা হয়েছিল। বাকলিয়া স্টেডিয়াম ও কর্ণফুলী শাহ আমানত সেতু করা হয়েছিল। বিএনপি বাকলিয়ার আইলকে রাস্তায় পরিণত করেছে। বাকলিয়ায় বিভিন্ন মসজিদ-মন্দির নির্মাণে অনুদান দেয়া হয়েছিল। আমি মেয়র হলে বাকলিয়াবাসীর জন্য চাইল্ড কেয়ার ও মাতৃসদন প্রতিষ্ঠার মাধ্যমে স্বাস্থ্য সেবা নিশ্চিত করবো। অবহেলিত বাকলিয়ার উন্নয়নে নিজিকে উৎর্সগ করবো।
বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, বাকলিয়ার রাস্তাঘাট, অলিগলি সবই ডা. শাহাদাতের চেনাজানা। বাকলিয়ায় বিএনপির আমলে অনেক উন্নয়নমূলক কাজ হয়েছে। বাকলিয়াবাসীর প্রতি বিএনপির অনেক দাবি আছে। সেই দাবি নিয়ে ডা. শাহাদাত হোসেনের জন্য ধানের শীষে ভোট চাইতে এসেছি।
বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল বলেন, ভোটের দিন সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ভোট কেন্দ্র পাহারা দিতে হবে। এর পাশাপাশি ভোটে বাধাদানকারীদের প্রতিহিত করে ভোটের অধিকার আদায় করে নিতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী, দক্ষিণ জেলা বিএনপির আহব্বায়ক আবু সুফিয়ান, কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম বাবুল, সদস্য ব্যারিস্টার মীর মো. হেলাল উদ্দিন, নগর বিএনপির যুগ্ম আহবায়ক এসকে খোদা তোতন, ইয়াছিন চৌধুরী লিটন, সদস্য আনোয়ার হোসেন লিপু, গাজী মো. সিরাজ উল্লাহ, দক্ষিণ বাকলিয়া ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী ইয়াছিন চৌধুরী আসু, বিএনপি নেতা ইসহাক চৌধুরী আলীম, এম আই চৌধুরী মামুন, ইব্রাহিম বাচ্চু, আমীন মাহমুদ, একে খান, আফতাবুর রহমান শাহীন, আলমগীর নুর, ইঞ্জিনিয়ার মেজবাহ উদ্দিন রাজু, পূর্ব ষোলশহর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী হাসান লিটন, পশ্চিম বাকলিয়া ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী আরিফুল ইসলাম ডিউক, মহিলা কাউন্সিলর প্রার্থী শামিমা নাসরিন, ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী নবাব খান, মো. সেকান্দর, আব্দুল্লাহ আল ছগির, মো. এমরান, ম হামিদ, এমদাদুল হক বাদশা, জিয়াউর রহমান, গোলজার হোসেন, শরিফুল ইসলাম প্রমুখ। বিজ্ঞপ্তি