চিকিৎসকেরা বলছেন সাকিব আল হাসান নতুন করে উঁরুতে যে চোট পেয়েছেন তাতে চলতি টেস্টে তার পক্ষে বোলিং বা ফিল্ডিংয়ে নামা আক্ষরিক অর্থেই অসম্ভব। তবে দলের প্রয়োজনে তাকে ব্যাটিংয়ে নামতে হতে পারে। সেই মোতাবেক দেশসেরা এই অলরাউন্ডার আপাতত তাদের পর্যবেক্ষণেই আছেন। তাই বলে যে তিনি টিম হোটেলে শুয়ে বসে সময় কাটাচ্ছেন এমন নয়। চট্টগ্রাম টেস্টের তৃতীয় ও চতুর্থ দিনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বোলিং-ফিল্ডিংয়ে না নামলেও ছিলেন ডাগ আউটে।
টাইগার টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত অনুযায়ী চলতি টেস্ট থেকে সাকিবের ব্যাটিং অর্ডারে পরিবর্তন আনা হয়েছে। আগে যেখানে তিন নম্বর পজিশনে ব্যাটিং করতেন এই ম্যাচে করেছেন ছয়ে। কিন্তু গত পরশু দ্বিতীয় দিনের শেষ সেশনে বোলিংয়ের সময় উঁরুতে চোট পাওয়ায় দ্বিতীয় ইনিংসে তাকে ছয়ে নামানো হয়নি। তার জায়গায় নেমেছেন লিটন দাস। আর তিনি আছেন ডাগ আউটে।



