দারুণ এক জয়ের আশা জাগালেন শিমরন হেটমায়ার ও রিশাভ পান্ত। কিন্তু খুব কাছে গিয়েও পারলেন না তারা। শেষ ওভারের রোমাঞ্চে দিল্লী ক্যাপিটালসকে হারাল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোর। আইপিএলের ম্যাচে মঙ্গলবার রাতে ১ রানে জিতেছে বিরাট কোহলির দল। ১৭২ রানের লক্ষ্য তাড়ায় দিি ল্ল থামে ১৭০ রানে। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে শেষ ওভারে দিল্লির প্রয়োজন ছিল ১৪ রান। হেটমায়ার ৫২ ও পান্ত ৪৭ রানে তখন ব্যাটিংয়ে। মোহাম্মদ সিরাজের প্রথম দুই বলে এক রান করে নেন দুই ব্যাটসম্যান। খুনে ব্যাটিংয়ে ফিফটি করা হেটমায়ার শেষ ওভারে খেলতে পারেন কেবল ওই এক বল। শেষ ৪ বলে ১২ রানের সমীকরণ মেলাতে পারেননি পান্ত। তৃতীয় বলে কোনো রান নিতে পারেননি দিল্লী অধিনায়ক। পরের বলে ডাবল নিয়ে পূর্ণ করেন ফিফটি। ২ বলে চাই ১০। পঞ্চম বলটা সিরাজ করেন ফুলটস। ঠিকমতো খেলতে না পারলেও বাউন্ডারি পেয়ে যান পান্ত। শেষ বলটা অফ স্টাম্পের বাইরে নিচু ফুলটস, পান্ত পয়েন্ট দিয়ে খেলে পান কেবল চার। উল্লাসে মাতেন বেঙ্গালোরের খেলোয়াড়রা।
এর আগে টস হেরে ব্যাটিংয়ে নামা দলটির রান ১৭০ ছাড়ায় মূলত এবি ডি ভিলিয়ার্সের সৌজন্যে। পাঁচ নম্বরে নেমে ৪২ বলে ৫ ছক্কা ও ৩ চারে অপরাজিত ৭৫ রান করেন তিনি। ইনিংসটির পথে আইপিএলে বলের হিসাবে দ্রুততম পাঁচ হাজার রানের রেকর্ড গড়েন তারকা এই ব্যাটসম্যান। ত্রিশ ছাড়াতে পারেন আর কেবল একজন- রজত পাতিদার (২২ বলে ৩১)।



