পটিয়া প্রতিনিধি
চট্টগ্রামের পটিয়ায় আসন্ন শারদীয় দুর্গোৎসব উৎসবমূখর ও নির্বিঘ্ন করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে উপজেলা প্রশাসন। এ লক্ষ্যে গতকাল সোমবার দুপুরে উপজেলার ২০০টি পূজামন্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রতিটি মন্ডপে সিসি ক্যামেরা স্থাপন, পাহারাদার ও স্বেচ্ছাসেবক নিয়োগসহ সার্বিক নিরাপত্তা ব্যবস্থার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। উৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেওয়া হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারহানুর রহমানের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পটিয়া সেনা ক্যাম্পের ক্যাপ্টেন সাকিব জাকি চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়া ত্রিপুরা, পটিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) যুযুৎসু যশ চাকমা, দক্ষিণ জেলা বিএনপি নেতা জসিম উদ্দিন মাস্টার, উপজেলা জামায়াতের সাবেক আমির মোজাফফর আহমদ, পৌরসভা যুবদলের আহব্বায়ক আবছার উদ্দিন সোহেল, উপজেলা এলডিপির সাধারণ সম্পাদক আইয়ুব আলী।
পূজা উদ্যাপন কমিটির নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন তাপস কুমার দে, পাঁচরিয়া তপোবন আশ্রমের অধ্যক্ষ রবীশ্বরানন্দ পুরী মহারাজ, পুলক দে, লাকী চৌধুরী ও যিশু দেব মেম্বার।
সভায় সকল পক্ষ প্রশাসনের সর্বাত্মক সহযোগিতায় এ বছরও পটিয়ার দুর্গোৎসব শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।



