সাকিব আল হাসানকে ঘিরে শঙ্কার কালে মেঘ কেটে গেছে। কুঁচকির চোট পাওয়া এই নন্দিত টাইগার অলরাউন্ডারের চোট ততটা গুরুতর নয়। কুঁচকির কোথাও ছিড়ে যায়নি এবং এখন তিনি বেশ ভাল অনুভব করছেন। সব ঠিক থাকলে দুই তিন দিনের মধ্যেই অনুশীলনে ফিরবেন উইন্ডিজদের বিপক্ষে ওয়ানডে সিরিজে ম্যান অব দ্য সিরিজের মুকুট জেতা এই বাঁহাতি অলরাউন্ডার। এবং অবশ্যই অতিথিদের বিপক্ষে টেস্ট সিরিজেও তাকে দেখা যাবে। ২৮ জানুয়ারি সকালে তার কুঁচকিতে স্ক্যান করা হয়েছিল। সন্ধ্যায় রিপোর্ট হাতে পান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসকেরা। এরপর এখবর নিশ্চিত করেন বিসিবির চিকিৎসক মনজুর হোসাইন চৌধুরী।



