ইনজুরি থেকে পুরোপুরি সেরে ওঠতে না পারায় জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে খেলতে নামেননি দেশের ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। ব্যথা কমলে ওয়ানডে সিরিজে খেলতে দেখা যেতে পারে তাঁকে। টি-টোয়েন্টি সিরিজেও বাঁহাতি এই ওপেনারের খেলাটা অনিশ্চিত। তবে ওয়ানডে সিরিজ শেষেই লম্বা সময়ের বিশ্রাম দেয়া হতে পারে তামিমকে। এমনই প্রতিবেদন প্রকাশ করেছে ক্রিকবাজ।
শ্রীলঙ্কা সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজে হাঁটুর চোটে পড়েছিলেন তামিম। সেই ইনজুরি নিয়েই ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলেছেন তিনি। এরপর বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার লিগেও (ডিপিএল) খেলেছেন ১২ ম্যাচ। গ্রুপ পর্বের শেষ দিকে এসে হাঁটুর ব্যথা বেড়ে গেলে বিশ্রামে থাকলেও এখনও হাঁটুর চোট থেকে সেরে ওঠতে পারেননি তিনি। অস্ট্রেলিয়ার সার্জন ডেভিড ইয়ংয়ের সঙ্গে যোগাযোগ করলে তিনি তামিমকে লম্বা সময় বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছে বলে দাবি করেছে ক্রিকবাজ। তেমনটা হলে ঘরের মাঠে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরি থেকেও ছিটকে যেতে পারেন তিনি।



