যুক্তরাষ্ট্রের আটলান্টা এলাকায় একটি গোলাগুলির ঘটনায় অন্তত ছয় এশীয় নারীসহ আট জন নিহত হয়েছেন। মঙ্গলবার ওই এলাকার একটি ম্যাসাজ পার্লার ও দুটি বিউটি স্পায় ঘটনাগুলো ঘটেছে বলে পুলিশের বরাতে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। পুলিশ জানিয়েছে, সবগুলো ঘটনাই এক ব্যক্তি ঘটিয়েছে বলে সন্দেহ করা হচ্ছে এবং সন্দেহভাজনকে ঘটনার কয়েক ঘণ্টা পর জর্জিয়ার রাজ্যের দক্ষিণাঞ্চল থেকে গ্রেপ্তার করা হয়েছে।
আটলান্টা শহর থেকে প্রায় ৪০ মাইল উত্তরে চেরোকি কাউন্টিতে প্রথম ঘটনাটি ঘটে। চেরোকি কাউন্টি শেরিফ বিভাগের ক্যাপ্টেন জে বেকার জানান, স্থানীয় সময় বিকাল ৫টার দিকে অ্যাকওয়ার্থ এলাকায় ইয়ং’স এশিয়ান ম্যাসাজ পার্লারে গোলাগুলিতে চার জন নিহত ও আরেকজন আহত হন। এখানে নিহতদের মধ্যে দুই জন এশীয় বংশোদ্ভূত নারী, একজন শ্বেতকায় নারী ও একজন শ্বেতকায় পুরুষ এবং আহত ব্যক্তি হিস্পানিক পুরুষ।
পরের ঘটনা দুটি ঘটে জর্জিয়ার রাজধানী আটলান্টায়। সংবাদ সম্মেলনে শহরটির পুলিশ প্রধান রডনি ব্রায়ান্ট জানান, সন্ধ্যা ৬টার একটু আগে ‘ডাকাতি হচ্ছে’ খবর পেয়ে পুলিশ কর্মকর্তারা একটি বিউটি স্পাতে গিয়ে গুলিবিদ্ধ তিন নারীকে মৃত অবস্থায় পান। এই ঘটনা নিয়ে তদন্ত চলাকালেই একই সড়কের আরেকটি স্পা থেকে পুলিশ কর্মকর্তাদের ফোন করা হয়, সেখানে গিয়ে গুলিবিদ্ধ আরেক নারীর মৃতদেহ পাওয়া যায়, জানান ব্রায়ান্ট।



