বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়ার মধ্যকার পাঁচ ম্যাচে টি-টোয়েন্টি সিরিজ শেষে প্রায় দুই সপ্তাহের মতো ছুটি পাচ্ছেন জাতীয় দলের ক্রিকেটাররা। সেই ছুটি কাটাতে পরিবারের পাশে থাকতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন সাকিব আল হাসান। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একটি সূত্র জানিয়েছে, অজিদের বিপক্ষে ম্যাচ শেষ করে গতকাল রাতেই কাতার এয়ারলাইন্সের একটি ফ্লাইটে যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওয়ানা হয়েছেন টাইগার অলরাউন্ডার।
যুক্তরাষ্ট্রের উইসকনসিনে স্ত্রী উম্মে আহমেদ শিশির ও তিন সন্তান থাকেন। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রতিনিধিত্ব করায় আসা-যাওয়ার মধ্যে থাকেন সাকিব। পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নিউজিল্যান্ড ক্রিকেট দল আগামী ২৪ আগস্ট বাংলাদেশে পা রাখবে। এই সিরিজে অংশ নিতে তার আগেই ছুটি কাটিয়ে দেশে ফিরে আসবেন সাকিব।



