মিয়ানমারের বিমান হামলায় নিহত হচ্ছে শিশুরাও

0
মিয়ানমারের বিমান হামলায়  নিহত হচ্ছে শিশুরাও
Smoke rises over Thaketa township in Yangon on March 27, 2021, as security forces continue their crackdown on protests against the military coup. (Photo by STR / AFP) (Photo by STR/AFP via Getty Images)

নৃতাত্ত্বিক বিদ্রোহী গোষ্ঠী অধ্যুষিত এলাকায় মিয়ানমারের সেনা সরকারের চালানো বিমান হামলায় নিহত ও আহতদের মধ্যে বহু শিশুও রয়েছে। মঙ্গলবার একটি মানবিক দাতব্য সংস্থা এই তথ্য জানিয়েছে। একই সঙ্গে দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় ওই এলাকায় আগ্রাসন জোরালো করেছে জান্তা বাহিনী।
মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএন’র প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। গত ১ ফেব্রুয়ারি মিয়ানমারের ক্ষমতা দখলকারী সেনা সরকার গত শনিবার রাত থেকে কারেন প্রদেশে বিমান হামলা পরিচালনা করছে।
এই হামলার কারণে হাজার হাজার মানুষ জঙ্গলে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। যেসব গ্রামে হামলা চালানো হয়েছে তার অনেকগুলোই নিয়ন্ত্রণ করে নৃতাত্ত্বিক বিদ্রোহী গোষ্ঠী কারেন ন্যাশনাল ইউনিয়ন (কেএনইউ)। গোষ্ঠীটি থাই সীমান্তবর্তী বিস্তৃত এলাকা নিয়ন্ত্রণ করে থাকে। ত্রাণ সংস্থা ফ্রি বার্মা রেঞ্জার্স (এফবিআর) জানিয়েছে, গত রবিবার বিমান হামলায় পাঁচ বছর বয়সী এক ছেলে শিশুর মৃত্যু হয়েছে এছাড়া ১২ বছর বয়সী এক মেয়ের মুখে বোমার আঘাত লেগেছে। গ্রুপটি জানায় মেয়েটি স্কুলে যেতে ডে বু নোহ গ্রামে গিয়েছিলো।
সোমবার বিমান হামলায় ডোয়ে লো টাউনশিপের একটি মাধ্যমিক স্কুল ধ্বংস হয়েছে। কিন্তু শিক্ষার্থীরা লুকিয়ে থাকায় কোনও হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে এফবিআর। পরে মঙ্গলবার কাছের হাসাও হ্লিটি টাউনশিপে চালানো আরেক বিমান হামলায় ছয় জন নিহত এবং আরও ১১ জন আহত হয়েছে।
মঙ্গলবার এক বিবৃতিতে সেনা সরকারের বিমান হামলার নিন্দা জানিয়েছে কেএনইউ। বিবৃতিতে বলা হয়, ‘বিমান হামলায় অল্পবয়সী শিশুসহ গ্রামবাসী নিহত হচ্ছে। আরও অনেকে আহত হচ্ছে।’