বোয়ালখালীতে প্রবাসীকে গলাকেটে হত্যার দায়ে এক যুবকের মৃত্যুদন্ড এবং মা ও বোনকে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। একই রায়ে আদালত আসামিদের ২০ হাজার টাকা করে জরিমানা এবং তা অনাদায়ে আরও এক বছর করে কারাদন্ডের আদেশ দিয়েছেন।
গতকাল বৃহস্পতিবার) চট্টগ্রামের পঞ্চম অতিরিক্ত জেলা ও দায়রা জজ অশোক কুমার দত্ত এ রায় দেন বলে জানান অতিরিক্ত জেলা পাবলিক প্রসিকিউটর লোকমান হোসেন চৌধুরী।
এ বিষয়ে রাষ্ট্রপক্ষের কৌসুলী এডভোকেট লোকমান হোসেন জানান, মামলায় আসামিদের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আনা অভিযোগ আদালতের সামনে সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। এ কারণে আসামিদেরকে সাজা ও জরিমানা করা হয়েছে।
হত্যার শিকার আব্দুস সালাম বোয়ালখালী উপজেলার শ্রীপুর এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে। আসামিরা হলো, মৃত্যুদন্ডপ্রাপ্ত মো. আজম এবং যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত ফরিদা বেগম ও কামরুন নাহার।
অ্যাডভোকেট লোকমান হোসেন চৌধুরী বলেন, ২০০৯ সালে বোয়ালখালী উপজেলার শ্রীপুর এলাকায় আব্দুস সালাম নামে এক প্রবাসীকে হত্যার দায়ে তার ভাইকে মৃত্যুদন্ডের আদেশ দিয়েছেন আদালত। একই রায়ে আদালত ওই আব্দুস সালামের মা ও বোনকে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছেন।
তিনি জানান, সম্পত্তি ও পারিবারিক বিষয় নিয়ে ঝগড়ার এক পর্যায়ে ২০০৯ সালের ১৯ অক্টোবর আব্দুস সালামকে হত্যা করা হয়। এ ঘটনায় আব্দুস সালামের স্ত্রী পারভিন আক্তার বাদি হয়ে আব্দুস সালামের বাবা, মা, ভাই ও বোনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত করে ২০১০ সালের ৯ জানুয়ারি আদালতে অভিযোগপত্র জমা দেয়। একই বছরের ৭ সেপ্টেম্বর আদালত অভিযোগ গঠন করে। মামলার ২১ জন সাক্ষীর মধ্যে রাষ্ট্রপক্ষ ১৬ জনের সাক্ষ্যগ্রহণ করে।
এদিকে আসামি আব্দুর রাজ্জাক বিচার চলাকালীন মৃত্যুবরণ করায় রায়ে তাকে অব্যাহতি দেওয়া হয় বলে জানান অ্যাডভোকেট লোকমান হোসেন চৌধুরী।



