বিশ্বের ৮ ‘ইউনিক’ ক্রিকেটারের তালিকায় সাকিব

0
বিশ্বের ৮ ‘ইউনিক’ ক্রিকেটারের তালিকায় সাকিব

রেকর্ড গড়াকে সাধারণ ব্যাপারে পরিণত করে ফেলেছেন সাকিব আল হাসান। সর্বশেষ মাশরাফি বিন মর্তুজাকে ছাড়িয়ে ওয়ানডেতে বাংলাদেশের জার্সিতে সর্বোচ্চ উইকেটশিকারি হয়েছেন তিনি।
শুধু কি তাই, বিশ্বসেরা অলরাউন্ডারের সাফল্যের মুকুটে নতুন আরও একটি পালক যুক্ত হয়েছে। জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিকদের ১৫৫ রানে হারিয়েছে সফরকারী বাংলাদেশ। ম্যাচে সাকিব একাই নেন ৫ উইকেট। আর তাতে বিশ্বের ‘ইউনিক’ ৮ ক্রিকেটারের তালিকায় যুক্ত হয়েছেন বাংলাদেশ দলের প্রাণভোমরা। এই ৮ ক্রিকেটার বাকি সবার থেকে আলাদা। বিষয়টা তাহলে খোলাসা করা যাক। এ পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন ৫২৬৯ ক্রিকেটার। কিন্তু রান এবং উইকেটের কম্বিনেশনে আন্তর্জাতিক ক্রিকেটে ৮ জন ইউনিক খেলোয়াড় আছেন, যারা বাকি ৫২৬১ জনের চেয়ে আলাদা। এই ৮ জন ক্রিকেটার ইউনিক বা অনন্য কারণ তাদের সঙ্গে রান এবং উইকেট দুটোতেই এগিয়ে থাকা কোনো ক্রিকেটার পাওয়া যাবে না।
আন্তর্জাতিক ক্রিকেটে অলরাউন্ডার সাকিবের বর্তমান সংগ্রহ ১১৯৭৪ রান ও ৫৮১ উইকেট। তার চেয়ে বেশি রান রয়েছে ৬১ জনের। আবার সাকিবের চেয়ে বেশি উইকেট আছে ২৪ জন বোলারের। কিন্তু যাদের রান সাকিবের চেয়ে বেশি তাদের উইকেট সাকিবের চেয়ে কম। আবার যাদের উইকেট সাকিবের চেয়ে বেশি, তাদের রান সাকিবের চেয়ে কম।
সাকিব ছাড়া বিশ্বের বাকি ৭ ইউনিক ক্রিকেটার হলেন- শচীন টেন্ডুলকার, জ্যাক ক্যালিস, কপিল দেব, শন পোলক, ওয়াসিম আকরাম, শেন ওয়ার্ন ও মুত্তিয়া মুরালিধরন।