ঘরের মাঠের ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শেষে নিউজিল্যান্ড সফর করবে বাংলাদেশ। চলমান সিরিজের পর দুই সপ্তাহের মতো বিশ্রাম পাবেন তামিম ইকবালরা। তবে সাকিব আল হাসানের বিশ্রামটা আরও লম্বা হচ্ছে! মার্চে দ্বিতীয় সন্তানের বাবা হবেন সাকিব, এই কারণে কিউই সফরে বিশ্বসেরা অলরাউন্ডারকে নাও পেতে পারে বাংলাদেশ।
নিউজিল্যান্ড সফরে না যাওয়ার সিদ্ধান্ত ইতোমধ্যে মৌখিকভাবে বিসিবিকে জানিয়েছেন সাকিব। যদিও নিউজিল্যান্ড সফরে সাকিবের যাওয়া-না যাওয়ার ব্যাপারে নিশ্চিত করতে কিছু পারেননি বিসিবির ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান আকরাম খান, ‘এ (ছুটির) বিষয়ে সাকিবের কাছ থেকে আমরা এখনও আনুষ্ঠানিক কোনও চিঠি পাইনি। সে ছুটির আবেদন করলে আমরা বিষয়টি ভেবে দেখবো।’ মার্চের শুরুর দিকে নিউজিল্যান্ডে যাবে বাংলাদেশ দল। সফরে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে লাল-সবুজ জার্সিধারীরা।



