নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলতে দেশ ছাড়ার আগে তামিম ইকবালসহ বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের আরও বেশ কয়েকজন খেলোয়াড় করোনার ভ্যাক্সিন নিয়েছিলেন। মহামারিকালে কালবিলম্ব না করে দেশবাসীকে ভ্যাক্সিনের আওতায় আনায় সেদিন রাজধানীর কুর্মিটোলা হাসপাতালের সামনে দেশের অগনিত গণমাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রশংসাবানীতে ভাসিয়েছিলেন টাইগার ওয়ানডে দলপতি। সেই ধাবাহিকতায় এবার নিউজিল্যান্ডের গণমাধ্যমেও নিজ দেশের প্রধানমন্ত্রীর ভূয়সী প্রশংসা করলেন দেশের সেরা এই রান সংগ্রাহক।
ক্রাইস্টচার্চে টিম বাংলাদেশের ১৪ দিন কোয়ারেন্টাইন শেষে দেশটির গণমাধ্যম তামিম ইকবালের কাছে ভ্যাক্সিনেশনের অভিজ্ঞতা জানতে চাইলেন। তামিমও অকপটে তার অভিজ্ঞতার ঝাঁপি খুলে দিলেন। বুধবার নিউজিল্যান্ড থেকে হোয়াটসঅ্যাপে পাঠান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ভিডিও বার্তায় টাইগার ওয়ানডে দলপতি বলেন, এটাই (টিকা) ভবিষ্যৎ, আমার মনে হয়। কোনো একটা পর্যায়ে সবাইকেই নিতে হবে। দেশ হিসেবে আমাদের দেশ অসাধারণ কাজ করেছে। আমাদের প্রধানমন্ত্রী অগ্রণী ভূমিকা নিয়ে আগে থেকেই সব ব্যবস্থা করেছেন। দারুণ কাজ করেছেন তিনি। জাতি হিসেবে আমরা খুবই সৌভাগ্যবান। শুধু আমরা ক্রিকেটাররাই নয়, সাধারণ মানুষও ভ্যাকসিন পাচ্ছে এবং সবচেয়ে ভালো ব্যাপার হলো, সবার জন্য ফ্রি। জাতি হিসেবে আমরা যা করেছি, বাংলাদেশকে নিয়ে আমি গর্বিত।



