মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরাজয় ইসরায়েলের দখলদারিত্বে থাকা ফিলিস্তিনিদের জন্য স্বস্তি। রবিবার ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের বিশেষ দূত নাবিল শাথ এই মন্তব্য করেছেন। তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি এখবর জানিয়েছে। নাবিল শাথ বলেছেন, ফিলিস্তিনিদের জন্য সবচেয়ে খারাপ ছিল ট্রাম্প প্রশাসন। তিনি বলেন, আমাদের জন্য এটি ট্রাম্পের কাছ থেকে মুক্ত হওয়া। যদিও ফিলিস্তিনিদের প্রতি যুক্তরাষ্ট্রের নীতি ও অবস্থানের খুব একটা পরিবর্তন আমরা প্রত্যাশা করছি না। পিএলও’র নির্বাহী কমিটির সিনিয়র সদস্য হানান আশরাভি বলেছেন যুক্তরাষ্ট্রের নীতিতে ভারসাম্য বজায় রাখার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রতি। প্যালেস্টাইন ন্যাশনাল ইনিশিয়েটিভ-এর মহাসচিব মুস্তফা বারগৌতি মার্কিন নির্বাচনের ফলাফল নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন।
তিনি বলেছেন, আধুনিক ইতিহাসে সবচেয়ে খারাপ প্রেসিডেন্ট ছিলন ট্রাম্প। তার কথায়, ট্রাম্প আন্তর্জাতিক সম্পর্ক ও রাজনীতিকে বিধ্বস্ত করেছেন। তথাকথিত শতাব্দীর সেরা চুক্তি ছিল ফিলিস্তিনিদের জন্য তার সবচেয়ে বাজে উদ্যোগ। ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনের অংশ মুজাহিদিন মুভমেন্ট বলেছে, ট্রাম্প ফিলিস্তিনি ও নিজের দেশের মানুষের সঙ্গে যে প্রতারণা করেছেন তার ফলেই পুরো ব্যবস্থা ভেঙে পড়েছে।



