চট্টগ্রাম ফ্রাঞ্চাইজি ক্রিকেট লিগ ২৫ সেপ্টেম্বর শুরু

0
চট্টগ্রাম ফ্রাঞ্চাইজি ক্রিকেট লিগ ২৫ সেপ্টেম্বর শুরু

ক্রীড়া প্রতিবেদক

জমকালো আয়োজনে চট্টগ্রাম ফ্রাঞ্চাইজি টি – ২০ ক্রিকেট লিগ ২০২৫ শুরু হচ্ছে আগামী ২৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার। ‘স্পোর্টিফাই ইভেন্টস’ এর আয়োজনে ৬ টি খ্যাতনামা ক্রিকেট ক্লাবের অংশগ্রহণে একটি ফ্রাঞ্চাইজি মডেলে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে এই লিগ অনুষ্ঠিত হবে। অংশগ্রহণকারী ৬ টি দল দুই গ্রুপে বিভক্ত হয়ে ডবল লিগ পদ্ধতিতে মোট ১৫ টি ম্যাচ খেলবে। তারমধ্যে ডাবল লিগ গ্রুপ পর্বে ১২ টি, ২ টি সেমিফাইনাল ও ফাইনাল। আগামী ২৫ সেপ্টেম্বর টুর্ণামেন্ট উদ্বোধনের পর খেলা শুরু হবে। প্রতিদিন সকাল ৯ টা ও দুপুর ১.৩০ টায় দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। ফাইনালের সম্ভাব তারিখ ৩ অক্টোবর। উদ্বোধনী ম্যাচে ব্রাদার্স ইউনিয়ন – কেকেআরসি’র মোকাবেলা করবে।
বৃহস্পতিবার বিকালে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামস্থ সিজেকেএস কনফারেন্স রুমে লিগ উদ্বোধন পূর্ব সাংবাদিক সম্মেলনে আয়োজকদের পক্ষ থেকে ফজলে দাইয়ান এই ব্যাপারে সাংবাদিকদের বিস্তারিত অবগত করেন।
সাংবাদিক সম্মেলনে জানানো হয়, চট্টগ্রাম বাংলাদেশের ক্রিকেটের একটি ঐতিহ্যবাহী কেন্দ্র। এই শহরে লম্বা সময় ধরে আন্তর্জাতিক ও ঘরোয়া অনেক খেলা অনুষ্ঠিত হয়েছে যা শুধু খেলোয়াড়দের নয় সাধারণ দর্শকদেরও প্রেরণার উৎস হয়ে এসেছে। কিন্তু দীর্ঘদিন ধরে চট্টগ্রামে নিয়মিত কোন বড় ধরনের ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন হয়নি। যার ফলে স্থানীয় খেলোয়াড়েরা মাঠে নিজেদের তুলে ধরার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে এবং দর্শকরাও প্রিয় খেলাটি উপভোগের সুযোগ পাচ্ছে না। একটি বড় আয়েজন হলে তা একদিকে যেমন তরুণ খেলোয়াড়দের জন্য দক্ষতা প্রদর্শনের সুযোগ তৈরী করবে অন্যদিকে চট্টগ্রামের ক্রিকেটকে পুনরুজ্জীবিত করবে। পাশাপাশি খেলোয়াড়দের আত্মবিশ্বাস ও প্রতিযোগিতার মান বাড়াবে, নতুন প্রতিভা উঠে আসবে এবং স্থানীয় পর্যায়ে ক্রিকেটের প্রতি আগ্রহ আরও বৃদ্ধি পাবে।
সাংবাদিক সম্মেলনে আরও জানানো হয়, এরই মধ্যে চট্টগ্রামের শীর্ষস্থানীয় ২৭৫ জন খেলোয়াড়ের তালিকা থেকে লিগের প্লেয়ার ড্রাফট সম্পন্ন হয়েছে। প্রতিটি দল চট্টগ্রাম প্রিমিয়ার লিগের ১২ জন এবং ১ম বিভাগের ৪ জন সহ মোট ১৬ জন খেলোয়াড় রেজিষ্ট্রেশন সম্পন্ন করেছেন। প্রতি ম্যাচের ১১ জন খেলোয়াড় তালিকায় নুন্যতম ২জন চট্টগ্রাম ১ম বিভাগ লিগের খেলোয়াড় অন্তর্ভুক্ত করা বাধ্যতামুলক করা হয়েছে।
এই লিগের মোট বাজেট ১১ লক্ষ টাকা। তম্মধ্যে ৬টি ফ্রাঞ্চাইজি দল তাদের তাদের অংশগ্রহণ ফ্রি বাবদ ৬ লক্ষ টাকা প্রদান করেছে। অবশিষ্ট টাকা স্পন্সর প্রতিষ্ঠান ফিটনেস বার, হাইটেক, কাই এলটেক গ্রæপ, হোটেল টাওয়ার ইন, এ্যাটরাস ট্রেডিং এজেন্সি, সিকো এরিনা, স্পোর্টস বাস্কেট, আপটাউন স্পোর্টস প্রদান করবে। লিগ চ্যাম্পিয়ন ও রানারআপ দলকে সুদৃশ্য ট্রফি সহ যথাক্রমে ১,০০,০০০ ও ৫০,০০০ টাকা প্রাইজমানি দেওয়া হবে। প্রতি ম্যাচের সেরা খেলোয়াড় পাবে ১,৫০০ টাকা ও ক্রেস্ট, সেরা ব্যাটসম্যান ও বোলার ৫,০০০ টাকা ও ক্রেস্ট এবং সেরা খেলোয়াড় ১০,০০০ টাকা ও ক্রেস্ট। এন স্পোর্টস টুর্ণামেন্টের প্রতিটি খেলা চট্টগ্রাম জেলা স্টেডিয়াম থেকে সরাসরি সম্প্রচার করবে।
ক্রীড়া সাংবাদিক সাইফুল্লাহ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে আয়োজক কমিটির ফাইজান খান ও মিজা শাহরিয়ার, ক্রীড়া সংগঠক শাহাবুদ্দিন মোঃ জাহাঙ্গীর, মাহাবুব আলম, সরওয়ার আলম চৌধুরী মনি, শওকত হোসাইন, আলী হাসান রাজু, কোচ তপন দত্তসহ অংশগ্রহণকারী দলের কর্মকতারা উপস্থিত ছিলেন।