চট্টগ্রামে আরও তিন লাখ ১৩ হাজার টিকা

0
চট্টগ্রামে আরও  তিন লাখ ১৩  হাজার টিকা

নিজস্ব প্রতিবেদক

করোনা প্রতিরোধে চট্টগ্রামে মডার্না ও সিনোফার্মের আরও তিন লাখ ১৩ হাজার ডোজ টিকা এসেছে। গতকাল রবিবার সকালে সিভিল সার্জন কার্যালয়ে টিকা বহনকারী বিশেষ গাড়িটি এসে পৌঁছায়। এরপর টিকাগুলো ইপিআই স্টোরে সংরক্ষণ করা হয়।
সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বিষয়টি নিশ্চিত করে বলেন, আরও তিন লাখ ১৩ হাজার ডোজ টিকা এসেছে। এর মধ্যে সিনোফার্মের দুই লাখ ৫৫ হাজার ডোজ এবং মডার্নার ৫৮ হাজার ডোজ টিকা রয়েছে। তিনি বলেন, আগামীকাল গণটিকার দ্বিতীয় ডোজের টিকা দেওয়া হবে। এর মধ্যে নগরীতে যারা গণটিকার প্রথম ডোজে মর্ডানার টিকা নিয়েছিলেন দ্বিতীয় ডোজে তাদের মর্ডানার টিকা দেওয়া হবে। আর উপজেলায় সিনোফার্মের দ্বিতীয় ডোজের টিকা দেওয়া হবে। যারা গণটিকার প্রথম ডোজ পেয়েছিলেন শুধুমাত্র তারাই দ্বিতীয় ডোজ টিকা নিতে পারবেন। এর আগেই কেন্দ্রগুলোতে টিকা পৌঁছে দেওয়া হবে।
উল্লেখ্য, এর আগে ২১ আগস্ট চট্টগ্রামে মডার্না, সিনোফার্মের আরও এক লাখ ৫৩ হাজার ৮০০ ডোজ টিকা এসেছিল। আর ১৪ আগস্ট চট্টগ্রামে মডার্না, সিনোফার্মের আরও তিন লাখ ৩৫ হাজার ২৮০ ডোজ টিকা আসে। এছাড়াও চট্টগ্রামে তিন দফায় অ্যাস্ট্রাজেনেকার আট লাখ ৭০ হাজার ডোজ টিকা আসে। এর মধ্যে ৩১ জানুয়ারি প্রথম দফায় এসেছিল ৪ লাখ ৫৬ হাজার ডোজ। ৯ এপ্রিল দ্বিতীয় দফায় এসেছিল ৩ লাখ ৬ হাজার ডোজ। তৃতীয় দফায় ৬ আগস্ট আসে ১ লাখ ৮ হাজার ডোজ। এছাড়া গত ১১ জুলাই ও ৬ আগস্ট দুই দফায় মডার্নার ১ লাখ ৪৩ হাজার ৪০০ ডোজ টিকা আসে। তিন ধাপে সিনোফার্মের আসে ৩ লাখ ৩২ হাজার ৮০০ ডোজ টিকা।