আরও ৬০টি দেশে মিলেছে নতুর বৈশিষ্ট্যের করোনা

0
আরও ৬০টি দেশে মিলেছে   নতুর বৈশিষ্ট্যের করোনা

যুক্তরাজ্যে প্রথম শনাক্ত হওয়া অতি সংক্রামক নতুন বৈশিষ্ট্যের করোনাভাইরাস বিশ্বের আরও অন্তত ৬০টি দেশে শনাক্ত হয়েছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। বুধবার সংস্থাটির সাপ্তাহিক অগ্রগতি প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
বিশ্বজুড়ে ২০ লাখের বেশি মানুষের জীবন কেড়ে নেওয়া করোনাভাইরাসের নতুন বৈশিষ্ট্য শনাক্ত হওয়ার পর থেকে উদ্বেগ আরও বেড়েছে। গণহারে টিকা পাওয়ার আগে ভাইরাসটির সংক্রমণ কিভাবে ঠেকানো হবে তা নিয়ে রয়েছে ব্যাপক উৎকণ্ঠা। ডিসেম্বরের মাঝামাঝিতে যুক্তরাজ্যে শনাক্ত হয় নতুন বৈশিষ্ট্যের করোনাভাইরাস।
ডব্লিউএইচও বলছে, নতুন এই ভাইরাসটি আগের চেয়ে ৬০-৭০ শতাংশ বেশি সংক্রামক। নতুন প্রতিবেদনে ডবিøউএইচও জানিয়েছে, গত সাত দিনে করোনায় বিশ্বজুড়ে নতুন করে মৃত্যু হয়েছে ৯৩ হাজার মানুষের। আর নতুন করে আক্রান্ত হয়ে ৪৭ লাখ মানুষ। বিশ্বজুড়ে চালু হওয়া ভ্যাকসিনগুলো নতুন বৈশিষ্ট্যের ভাইরাসটির বিরুদ্ধে প্রতিরোধ গড়তে শরীরের প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলতে পারে বলে মনে করা হচ্ছে। ফাইজার ও বায়োএনটেক দাবি করেছে, তাদের ভ্যাকসিনটি এই ভাইরাসের বিরুদ্ধে কার্যকর। যুক্তরাষ্ট্র এবং ইউরোপে ব্যাপক টিকাদান কর্মসূচি শুরু হওয়ায় মহামারি অবসান হতে পারে বলে অনেকেই ধারণা করছেন। মঙ্গলবার ইউরোপীয় ইউনিয়ন জানিয়েছে, আগস্টের আগেই প্রাপ্তবয়স্ক জনগোষ্ঠীর ৭০ শতাংশকে টিকা প্রদানের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।