বিভিন্ন কেন্দ্রে ‘ভোট চুরি ও জালিয়াতির’ তথ্য উপস্থাপন করতে সংবাদ সম্মেলনের আয়োজন করেছেন চসিক নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন। এলাকাভিত্তিক বিভিন্ন কেন্দ্রের তথ্যসহ ভোট জালিয়াতির নানা তথ্য সংবাদ সম্মেলনে তুলে ধরা হবে বলে জানিয়েছেন ডা. শাহাদাত হোসেন।
তিনি বলেন, নির্বাচনে ভোট চুরি ও কারচুপির বিভিন্ন তথ্য সংবাদ সম্মেলনের মাধ্যমে আমরা মিডিয়ার সামনে তুলে ধরবো। আজ (রবিবার) সকালে সংবাদ সম্মেলন করা হবে। ইতিমধ্যে বিভিন্ন জায়গা থেকে তথ্য ও প্রমাণগুলো সংগ্রহ করা হয়েছে। নির্লজ্জভাবে বহিরাগতদের মাধ্যমে যে ভোট চুরি ও জালিয়াতি করা হয়েছে সেগুলো আমরা তুলে ধরবো। বিভিন্নভাবে আমাদের অনেক নেতাকর্মীকে লাঞ্ছিত করা হয়েছে, মারধর করা হয়েছে। নির্যাতনের বিষয়গুলোও আমরা মিডিয়ার সামনে তুলে ধরবো।
জানা যায়, ওয়ার্ড ভিত্তিক ভোটের তথ্য, কারচুপি ও নেতাকর্মীদের নির্যাতনের তথ্য সংগ্রহ করেছে বিএনপি। বিভিন্ন মামলা-হামলা থেকে শুরু করে গ্রেপ্তার হওয়া নেতাকর্মীদের তথ্য ছাড়াও ভোটের দিনের পুরো শহরের সার্বিক চিত্র এবং নানা হেরফেরের তথ্য সংগ্রহ করেছে বিএনপি। মূলত এসব তথ্য তুলে ধরতে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। আজ রবিবার সকাল ১১টায় নগরীর কাজীর দেউড়ি নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয় মাঠে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।



