পূর্বদেশ অনলাইন
নায়িকারা শুধু লালগালিচায় সৌন্দর্য বাড়াবেন—বহুদিন ধরে এমন ধারণাই প্রচলিত ছিল। কিন্তু সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের পঞ্চম আসর সেই ধারণায় বড়সড় পরিবর্তন এনেছে। এবারের উৎসবে নায়ক–নায়িকাদের উপস্থিতি শুধু আড়ম্বরেই সীমাবদ্ধ থাকেনি; বরং আলোচনার মঞ্চে নেতৃত্বের ভূমিকায় উঠে এসেছেন তারা।
উৎসবের তৃতীয় দিনের শুরুতে দর্শকদের শুভেচ্ছা জানিয়ে মঞ্চে উপস্থিত হন বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন। মাতৃত্ব ও ক্যারিয়ার সামলানোর ব্যক্তিগত অভিজ্ঞতা, বিশ্বসুন্দরী খেতাব নিয়ে তার দৃষ্টিভঙ্গি, সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অবস্থান—সবকিছুই খোলামেলা বলেন তিনি। ঐশ্বরিয়ার ভাষ্য, “নিরাপত্তাহীনতা কখনোই আমাকে চালিত করেনি; সততা ও দৃঢ়তাই আমাকে পথ দেখিয়েছে।”
হলিউড অভিনেত্রী আনা দে আরমাসের বক্তব্য ছিল সম্পূর্ণ বাস্তবতার মাটিতে দাঁড়ানো। হাভানা থেকে মাদ্রিদ, আর সেখান থেকে হলিউডে প্রতিষ্ঠা পাওয়া—এই দীর্ঘ যাত্রাপথের সংগ্রাম, ভাষাগত বাধা ও ব্যক্তিগত কঠিন সময় নিয়ে তিনি অকপটে কথা বলেন। চরিত্র প্রস্তুতি, গভীর পর্যবেক্ষণ ও কঠোর পরিশ্রম নিয়ে তার আলোচনা তরুণ নির্মাতা ও চলচ্চিত্র শিক্ষার্থীদের বিশেষভাবে অনুপ্রাণিত করে।
অন্যদিকে মার্কিন সংগীতশিল্পী ও অভিনেত্রী কুইন লতিফা উৎসবে যোগ করেন শিল্পে নারীর নেতৃত্ব ও প্রতিনিধিত্ব নিয়ে নতুন দৃষ্টিভঙ্গি। তিনি বলেন, সহযোগিতা এবং নারীর কণ্ঠকে শক্তিশালী করা এখন সময়ের দাবি। তার মতে, একজন নারীর সাফল্য আসলে আরেকজন নারীর জন্য নতুন দরজা খুলে দেওয়ার পথ তৈরি করে।
উল্লেখ্য, ৪ ডিসেম্বর জেদ্দায় পর্দা ওঠে রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের পঞ্চম আসরের। ‘সিনেমার প্রতি ভালোবাসা’ স্লোগানে এবার প্রদর্শিত হচ্ছে বিশ্বের বিভিন্ন দেশের ১১১টি চলচ্চিত্র। উৎসব চলবে ১৩ ডিসেম্বর পর্যন্ত।







