কারাগার পালানো সেই রুবেলের একদিনের রিমান্ড

0
কারাগার পালানো  সেই রুবেলের  একদিনের রিমান্ড

কারাগার পালানো সেই আসামিকে এবার নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করবে আইন শৃংখলা বাহিনী। এ লক্ষে হত্যা মামলার আসামি ফরহাদ হোসেন রুবেলকে একদিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। গতকাল বৃহস্পতিবার দুপুরে ২য় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হোসেন মোহাম্মদ রেজা এ রিমান্ড মঞ্জুর করেন।
আদালত থেকে প্রাপ্ত তথ্য মতে, গত ১১ মার্চ ফরহাদ হোসেন রুবেলকে জিজ্ঞাসাবাদের জন্য মহানগর হাকিম আদালতে সাত দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ও কোতোয়ালী থানার এসআই আয়ুব আলী। কিন্তু রুবেল অসুস্থ থাকায় শুনানি অনুষ্ঠিত হয়নি।
এ বিষয়ে সহকারী পুলিশ কমিশনার (প্রসিকিউশন) কাজী শাহাবুদ্দিন আহমেদ জানান, ফরহাদ হোসেন রুবেলকে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। আদালত একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন। গত ৯ মার্চ নরসিংদীর আদিয়াবাদ শেরপুর কান্দাপাড়া চরাঞ্চল এলাকায় ফুফুর বাসা থেকে রুবেলকে গ্রেপ্তার করে কোতোয়ালী থানা পুলিশ। এর আগে ৬ মার্চ চট্টগ্রাম কারাগার থেকে পালিয়ে যায় রুবেল। এ ঘটনায় সেদিন রাতেই কোতোয়ালী থানায় মামলা করেন জেলার মো. রফিকুল ইসলাম। কারা প্রশাসনে আনা হয় পরিবর্তন। এ নিয়ে ৬ মার্চ তদন্ত কমিটি হওয়ার পরেরদিন থেকে শুরু হয় তদন্ত। বর্তমানে তদন্ত কার্যক্রম শেষ পর্যায়ে বলে জানা গেছে।