আল জাজিরায় ‘অল দা প্রাইম মিনিস্টার’স মেন’ শিরোনামের প্রতিবেদন প্রকাশের প্রতিবাদ হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়, সেখানে ডেভিড বার্গম্যানের কুশপুতুল দাহ করা হয়েছে। কাতারভিত্তিক আন্তর্জাতিক এই সংবাদমাধ্যমের সম্প্রচার বাংলাদেশে নিষিদ্ধ করার দাবিও জানিয়েছেন বিক্ষোভকারীরা।
গতকাল বৃহস্পতিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির রাজু ভাস্কর্যের পাদদেশে আল জাজিরায় প্রকাশিত সংবাদের প্রতিবাদে মানববন্ধন করে মুক্তিযুদ্ধ মঞ্চ।
এ সময় অধ্যাপক জামাল উদ্দীন বলেন, আল জাজিরার এই প্রতিবেদন বাংলাদেশকে নিয়ে একটি গভীর ষড়যন্ত্র। এসব ষড়যন্ত্র রুখে দিতে হবে।
মানববন্ধনে মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেন, ‘আল-জাজিরা স্বাধীনতাবিরোধী অপশক্তি জামায়াতে ইসলামীর মুখপত্র হিসেবে কাজ করায় এর বিবরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করে টেলিভিশন চ্যানেলটি প্রকৃত অর্থে যুদ্ধাপরাধীদের পক্ষে প্রচারণায় অংশ নিয়েছে। ২০০৯ সালে আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল গঠনের পর স্বাধীনতাবিরোধী জামায়াতে ইসলামী যে ধরনের অভিযোগ তুলছে, আল জাজিরা সরাসরি সেসব অভিযোগের ভিত্তিতেই প্রতিবেদন, অনুষ্ঠান প্রচার করে যাচ্ছে। অর্থাৎ তারা জামায়াতের মুখপত্র হিসাবে কাজ করছে’।
বাংলাদেশে আল জাজিরার সম্প্রচার নিষিদ্ধের দাবি জানিয়ে তিনি বলেন, ‘হলুদ সাংবাদিকতার কারণে আল জাজিরার সম্প্রচার বাংলাদেশে বন্ধ করতে হবে। যারা বাংলাদেশে দাঁড়িয়ে এ দেশের ইতিহাস অবমাননা করেন তাদের কোনো জায়গা এ দেশে নেই। এরা দেশের বাইরে থেকে একেকজন একেকভাবে ইতিহাস রচনা করছে। বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি করেছে। আর আল জাজিরা বহু আগে থেকেই মহান মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করে চলেছে এবং জঙ্গিবাদ উসকে দেওয়ার কাজ সুচারূরূপে চালিয়ে যাচ্ছে। তারপরও থেমে থাকেনি তাদের ইতিহাস বিকৃতি। মহান মুক্তিযুদ্ধের ৩০ লক্ষ শহীদের সংখ্যা নিয়েও আল জাজিরা বিতর্ক তৈরির চেষ্টা করেছিল। এহেন অপপ্রচার ও রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ’।
মানববন্ধনে অন্যদের মধ্যে মুক্তিযুদ্ধ মঞ্চের সহ-সভাপতি নূর আলম, রোমান হোসাইন, ঢাকা মহানগর উত্তর শাখার সভাপতি মিলন ঢালী, সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম বাপ্পী বক্তব্য দেন। খবর বিডিনিউজের



