সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমানের এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলা নিয়ে কম নাটকীয়তা হয়নি। সাকিবকে আইপিএল খেলার অনাপত্তিপত্র দিতেও রাজি ছিল না বিসিবি। পরে অবশ্য ঠিকই আইপিএলে খেলেছেন এই অলরাউন্ডার। কলকাতা নাইট রাইডার্সের হয়ে সাকিব ও বাংলাদেশি আরেক তারকা মুস্তাফিজুর রহমান খেলেছেন রাজস্থান রয়্যালসের হয়ে। মাঝপথে আইপিএল স্থগিত হয়ে যাওয়ার পর তাদের দেশে ফেরায় বিসিবি।
স¤প্রতি বিসিসিআই জানিয়েছে, আইপিএলের বাকি অংশের ম্যাচগুলো হবে সংযুক্ত আরব আমিরাতে। আগামী সেপ্টেম্বর-অক্টোবরে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে খেলতে সাকিব-মুস্তাফিজদের ছাড়পত্র দেবে না বিসিবি। এক টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন, ওই সময়ে আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের ব্যস্ত সূচি থাকায় দেওয়া হবে না ছাড়পত্র।
টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে ৫টি করে মোট ১০টি টি-টোয়েন্টি এবং ইংল্যান্ডের বিপক্ষে তিনটি করে টি-টোয়েন্টি ও ওয়ানডে ম্যাচ খেলবে বাংলাদেশ। সব মিলিয়ে আগস্ট থেকে অক্টোবরের মাঝামাঝি পর্যন্ত ১৬টি আন্তর্জাতিক ম্যাচ খেলবে টাইগাররা।



