মাইলফলক ছুঁতে দরকার ছিল একটি ছক্কার। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ইনিংসের অষ্টম ওভারে বেন স্টোকসের তৃতীয় বল গ্যালারিতে ফেলে মাইলস্টোন ছুঁয়ে ফেলেন ক্রিস গেইল। অফ-স্টাম্পের বাইরের বলে পুল করে ছক্কা হাঁকানোর সঙ্গে সঙ্গে আইপিএলে একমাত্র ক্রিকেটার হিসেবে ৩৫০টি ছক্কা মারার রেকর্ড গড়েন গেইল। পরের ওভারে রাহুল তেওয়াটিয়ার বলেও একটি ছক্কা মারেন গেইল। শেষমেশ ৪টি চার ও ২টি ছক্কার সাহায্যে ২৮ বলে ৪০ রান করে সাজঘরে ফেরেন তিনি।
এই দু’টি ছক্কার সুবাদে আইপিএলের ১৩৩ ম্যাচের ১৩২ ইনিংসে মোট ৩৫১টি ছক্কা মারলেন দ্য ইউনিভার্স বস। এই নিরিখে তাঁর ধারেকাছে কেউ নেই। এমনকি আর কেউ ২৫০টি ছক্কার গন্ডিও ছুঁতে পারেননি।



