স্পোর্টস ডেস্ক
ইন্ডিয়াল প্রিমিয়ার লিগ (আইপিএল) এ দল পেয়েছেন বিশ্বসেরা সাকিব আল হাসান ও কাটার মোস্তাফিজুর রহমান। চেন্নাইয়ে বৃহস্পতিবার বাংলাদেশ সময় দুপুর সাড়ে ৩টায় শুরু হয় নিলাম। সাকিব আল হাসানকে ৩ কোটি ২০ লাখ রুপিতে (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩ কোটি ৭৪ লাখ টাকা) কিনেছে কলকাতা নাইট রাইডার্স। অন্যদিকে বাংলাদেশের বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমানকে তার ভিত্তি মূল্য ছিল ১ কোটি রুপিতেই দলে ভিড়িয়েছে রাজস্থান রয়্যালস। কলকাতার হয়েই আইপিএল ক্যারিয়ার শুরু হয়েছিল বিশ্বসেরা অলরাউন্ডার সাকিবের। এবারের নিলামে সর্বোচ্চ ভিত্তি মূল্য ২ কোটি রুপির ক্যাটাগরিতে ছিল সাকিবের নাম। ২ নম্বর সেট থেকে তাকে কিনে নেয় কলকাতা। নিলামে কলকাতার সঙ্গে সাকিবকে নিয়ে আগ্রহ দেখায় পাঞ্জাব কিংসও। কিন্তু শেষ পর্যন্ত কলকাতাই দলে ভেড়াতে সক্ষম হয়। এক বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরা সাকিবের সাম্প্রতিক ফর্ম ছিল দুর্দান্ত। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে ১১৩ রান ও ৬ উইকেট নিয়ে হয়েছিলেন সিরিজসেরা। সর্বশেষ হায়দরাবাদের হয়ে খেলা সাকিব আইপিএল ক্যারিয়ারে ৫৯ উইকেট ও ৭৪৬ রান করেছেন।
অন্যদিকে বাংলাদেশের বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমানকে নিয়ে একমাত্র রাজস্থান রয়্যালসই আগ্রহ দেখায়। শেষ পর্যন্ত ফিজকে কিনে নেয় তারাই। ২০১৬ সালে আইপিএল ক্যারিয়ার শুরু করা মোস্তাফিজের এটি তৃতীয় দল। তার অভিষেক হয় সানরাইজার্স হায়দরাবাদের জার্সিতে। ওই আসরেই ১৬ ম্যাচে ১৭ উইকেট তুলে নিয়ে দলের শিরোপা জয়েও রাখেন গুরুত্বপূর্ণ ভূমিকা। পরের আসরে অবশ্য মাত্র ১ ম্যাচ খেলেই ফিরতে হয় তাকে। সর্বশেষ ২০১৮ সালের আসরে ৭ ম্যাচ খেলে ৭ উইকেট তুলে নেন তিনি। এখনও নিলামে উঠার অপেক্ষায় মুশফিকুর রহিম, মোহাম্মদ সাইফউদ্দিন ও মাহমুদউল্লাহ রিয়াদ।
মাহমুদউল্লাহ রিয়াদ ৭৫ লাখ রুপি ভিত্তি মূল্যে এবং ৫০ লাখের ক্যাটাগরিতে মোহাম্মদ সাইফউদ্দিন। আর শেষ মুহূর্তে যুক্ত হওয়া মুশফিকের ভিত্তিমূল্য ১ কোটি রুপি। এদিকে আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ দামে বিক্রি হয়েছেন দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার ক্রিস মরিস। চেন্নাইয়ে টুর্নামেন্টের নিলামে তাকে ১৬ কোটি ২৫ লাখ রুপিতে কিনে নিয়েছে রাজস্থান রয়্যালস। মরিসের ভিত্তিমূল্য ছিল ৭৫ লাখ রুপি। সেখান থেকে কয়েক দলের টানাটানিতে শেষ পর্যন্ত দাম গিয়ে ঠেকেছে সোয়া ১৬ কোটি রুপিতে। এর আগে ২০১৫ সালে আইপিএলের ইতিহাসে ১৬ কোটি রুপির সর্বোচ্চ দামে বিক্রি হওয়ার রেকর্ডটি ছিল যুবরাজ সিংয়ের। বিদেশি খেলোয়াড়দের মধ্যে আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামে বিক্রি হওয়া ক্রিকেটার হলেন প্যাট কামিন্স। অস্ট্রেলিয়ান এই পেসারকে গত বছর (২০২০ আইপিএল) ১৫ কোটি ৫০ লাখ রুপিতে কিনে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স।
১৪ কোটি রুপিতে চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু কিনে নিয়েছেন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েলকে।



